বাগেরহাট, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মংলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার চিংড়ি পোনা আহরণের সঙ্গে জড়িত মৎস্যজীবীরা নদীতে পোনা ধরার ওপর আরোপিত সরকারি নিষেধাজ্ঞা এক মাসের জন্য তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা সরকারের প্রতি এই আহবান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী জহুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাগেরহাটে উপকূলীয় উপজেলা মংলায় প্রায় ত্রিশ হাজার মানুষ চিংড়ি পোনা আহরণের সঙ্গে জড়িত। প্রাকৃতিক উৎস- নদী থেকে চিংড়ির রেণু পোনা ধরে জীবিকা নির্বাহ করেন তারা। বেসরকারি সংস্থা (এনজিও) ও মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে জাল-নৌকা তৈরি করে সুন্দরবন সংলগ্ন পশুর ও অন্যান্য নদীতে তারা চিংড়ির পোনা ধরে থাকেন। কিন্তু সরকার পোনা ধরার ওপর নিষেধাজ্ঞা করায় এই পেশার হাজার হাজার মানূষ বেকার হয়ে পড়েছেন।
মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি, ঘোল ও চিলা গ্রামের প্রফুল্ল রায় (৫৬), ফাতেমা বেগম (৩৫), অনিমা বাছাড় (৩৮), শেফালী মণ্ডল (৪০), মন্নান হাওলাদার (৩৬) এবং মনমথোন বাছাড়রা নদীতে মাছ ধরার উপর আগামী এক মাসের জন্য সরকারের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহবান জানিয়েছেন।
তারা বলেন, গত ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় এলাকার মানুষের বিকল্প আয়ের কোন উৎস নেই। নদীতে পোনা ধরে এই এলাকার হাজার হাজার মানুষের সংসার চলে। সরকারের সুদৃষ্টিই এই খেটে খাওয়া মানুষগুলোকে বাঁচাতে পারে।
কোস্টগার্ডের পশ্চিম জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার ফয়েজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাটকা নিধন বন্ধে এই এলাকায় ১০ ফেব্র"য়ারি থেকে ৩১ মে পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে চিংড়ি পোনা ধরাও নিষিদ্ধ করা হয়েছে।
তিন দিন আগে থেকে এ ব্যাপারে মাইকিং করে নিষেধাজ্ঞা মানার জন্য লোকজনকে সচেতন করার কাজ চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২২ ঘ.
bdnews24