ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছে গ্রামীণফোন। কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার তারা নোটিশের জবাব পেয়েছে।
চুক্তির শর্ত ও আইনভঙ্গের দায়ে গ্রামীণফোনের লাইসেন্স কেন বাতিল বা স্থগিত করা হবে না তা জানতে চেয়ে গত ৩০ জানুয়ারি নোটিশ দেয় বিটিআরসি। ৩০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়।
কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামীণফোন কর্তৃপক্ষ নোটিশের জবাব দিয়েছে। কমিশন আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
গ্রামীণফোন কী জবাব দিয়েছে তা জানা যায়নি।
বিটিআরসির নোটিশে বলা হয়েছিল, কমিশনের একটি প্রতিনিধি দল গত বছর ৬ ডিসেম্বর গ্রামীণফোনের কার্যালয় পরিদর্শন করে। ওই সময় সেখানে অবৈধ ভিওআইপির যন্ত্রপাতি স্থাপন করার প্রমাণ পাওয়া যায়।
এর আগে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৬ জানুয়ারি গ্রামীণফোন ও এর সাবেক দুই প্রধান নির্বাহীসহ ১০ কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করে বিটিআরসি।
গত বছরের ফেব্র"য়ারিতে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবও গ্রামীণফোনের বিরুদ্ধে একটি মামলা করেছিল।
ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিটিআরসি গত বছর গ্রামীণফোনকে ১৬৮ কোটি জরিমানা করে। বিটিআরসি জানিয়েছে, গ্রামীণফোন ইতোমধ্যে ওই অর্থ পরিশোধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24