২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ পাঁচজন নিহত

গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ৪ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ৪ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া গাইবান্ধার নয়াবন্দরে গাইবান্ধা-সাঘাটা সড়কে মটর সাইকেল ও একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আমজাদ হোসেন (২৮) নিহত হয়েছেন। তার ভরতখালি ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামে। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, নিহতরা হলেন- শ্রীপুরের বেরাইদের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা পারভীন (৩৫), তার দুই ভাই মাজহার হোসেন (৩৮) ও শওকত হোসেন (৩৩) এবং মাইক্রোবাস চালক লাল মিয়া (২৮)। দুর্ঘটনায় নাজমা পাভীনের ১২ বছরের মেয়ে নিপুন গুরুতর আহত হয়। তাকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পারিবারিক সূত্র জানায়, অসুস্থ নিপুনকে উত্তরায় ডাক্তার দেখিয়ে তার মা ও দুই মামা শ্রীপুরের বেরাইদের চালার গ্রামের বাড়িতে ফিরছিল। রাত আড়াইটার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস মেম্বার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্র শেরপুর থেকে ঢাকাগামী কয়লাভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নাজমা পারভীন অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার পরিবারের লোকজন জানায়। দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছার পর সেখানে শোকের ছায়া নেমে আসে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, যথাযথ অনুমতি নিয়ে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ গাজীপুর সদর হাসপাতাল থেকে নিয়ে গেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, দুর্ঘটনায় আরও তিন পথচারী আহত হন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিক্ষক আমজাদ মটর সাইকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নয়াবন্দরে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে আমজাদ সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত ঘোষ জানান, পুলিশ ট্রলিটি আটক করলেও চালক পলাতক। দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.