পটুয়াখালী, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াকাটায় ঢাকার স্কুল শিক্ষিকা তাহমিনা শারমিন তানিয়া হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।
নিহত তানিয়া ঢাকার খিলগাও এলাকার শহীদ বাবুল একাডেমীর শিক্ষিকা। গত বছর ৩০ জানুয়ারি তাকে হত্যা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তানিয়ার স্বামী জাহিদ হাসান জুয়েল (৩৫) গাড়ির চালক শাহিন আলম (৩৭) ও ভাড়াটে খুনি মিজানুর রহমান রিয়াজ (৩৮)।
জাহিদের পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে খুনি মিজানুর রহমান রিয়াজ ও গাড়ি চালক শাহিন আলম ২০০৭ সালের ৩০ জানুয়ারি এই হত্যাকাণ্ড ঘটায়।
২৭ জানুয়ারি কুয়াকাটায় বেড়ানোর কথা বলে তানিয়া ও দশ মাসের শিশু সন্তান জায়মন জাহিদকে একটি প্রাইভেট কারে কুয়াকাটায় নিয়ে আসেন জাহিদ। গাড়ি চালকের মাধ্যমে খুনি মিজানুর রহমানকেও কুয়াকাটায় নিয়ে আসা হয়। ফেরার পথে ৩০ জানুয়ারি রাত সাড়ে ১১টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া এলাকায় প্রাইভেট কার থামিয়ে কুপিয়ে হত্যা করা হয় তানিয়াকে।
তানিয়ার মৃত্যু নিশ্চিত করে খুনিদের সরিয়ে দিয়ে জাহিদ গাড়ি ছিনতাই ও খুনের কথা বলে চিৎকার করতে থাকে। এই সময় স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষণা করেন। জাহিদের কান্না ও অজ্ঞান হওয়ার ঘটনা পুলিশের সন্দেহ হলে রাতেই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা। পরের দিন তিনি হত্যার কথা স্বীকার করেন।
জাহিদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঢাকার খিলগাঁও থেকে খুনি মিজান ও ব্রাক্ষণবাড়িয়ার আসাদনগর থেকে গাড়ি চালক শাহিনকে আটক করে।
ওই বছর ৩ ফেব্র"য়ারি জাহিদ, ১৫ মার্চ চালক শাহিন ও ১৮ মার্চ খুনি মিজান কলাপাড়া ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফারুকুজ্জামান ৪ এপ্রিল জাহিদসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আবদুল হালিম।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বাবু চন্দন সমাদ্দার, মো. শাহজাহান মিয়া, মোকলেসুর রহমান ও বরিশালের প্রখ্যাত আইনজীবী এনায়েত পীর খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৪ ঘ.
bdnews24