ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণ ও নকশায় ত্র"টির কারণে যমুনা সেতুতে ফাটল ধরার প্রমাণ পেলে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে সেতু কর্তৃপক্ষ।
যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান মোহাম্মদ ইব্রাহিম বুধবার সাংবাদিকদের এ কথা জানান।
যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, যমুনা সেতুতে ফাটলের কারণ অনুসন্ধান ও মেরামতের জন্য সেতু কর্তৃপক্ষ ছয়টি চিঠি দিলেও কোনো জবাব দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান হিউন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এ কারণে সেতু কর্তৃপক্ষ ফাটলের কারণ অনুসন্ধান ও মেরামতের উদ্যোগ নিয়েছে।
এজন্য প্রায় সাত কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, অনুসন্ধান শেষে প্রতিবেদন দিতে ছয়মাস সময় লাগবে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে মেরামতের জন্য দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ করা হবে। ফাটল মেরামতের জন্য প্রায় একশ কোটি টাকার প্রয়োজন হবে।
যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, "হিউন্দাই কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেতুর নকশা প্রণয়ন ও নির্মাণ করা। এক্ষেত্রে কোনো ত্র"টি ছিল কিনা তা তদন্ত করতেই পরামর্শক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে অনিয়ম নিশ্চিত হলে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে। তবে তার আগে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "যমুনা সেতুর মেয়াদ একশ বছর। নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে এ বিষয়টি রয়েছে। কোনো কারণে এর মেয়াদ একদিন কমলেও সরকার মেনে নেবে না। এক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে গেলে প্রমাণ সাপেক্ষে হিউন্দাই কর্তৃপক্ষ মেরামত ব্যয় ও ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।"
সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান মোহাম্মদ ইব্রাহিম বলেন, "যমুনা সেতু নির্মাণের সময় ১৯৯৬ থেকে ১৯৯৮ সালের মধ্যেই বেশ কিছু ফাটল দেখা যায়। সেতুর প্রথম পরিচালক প্রতিষ্ঠান জোমাক লিমিটেড ১৯৯৮ থেকে ২০০৩ সালে কিছু ফাটলের বিষয়ে জানিয়েছিল। পরে দ্বিতীয় পরিচালনাকারী প্রতিষ্ঠান মার্গনেট ওয়ান লিমিটেড (এমএনওএল) এসব ফাটল প্রকট, সুস্পষ্ট ও সংখ্যায় বাড়ছে বলে জানিয়েছে।"
সংবাদ সম্মেলনে যোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব এ টি কে ইসমাঈল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এসএনডি/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24