ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বুধবার বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে দেশের সাধারণ মানুষের মতো তিনিও 'অসুখী'। তবে সারা পৃথিবী জুড়েই দ্রব্যমূল্য এখন একটি বড় সমস্যা।
তিনি বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে যমুনা সেতুর ফাটলের ওপর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক কথা বলেন।
উপদেষ্টা বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় দেশের মানুষ অসন্তুষ্ট। এ কারণে আমি নিজেও অসুখী। অথচ বাস্তবতা হচ্ছে- বর্তমানে গোটা দুনিয়া জুড়ে এটি একটি বড় সমস্যা। তবে সরকার এ জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।"
নির্বাচনের স্বার্থে দ্রুত জরুরি অবস্থা তুলে নেওয়া প্রয়োজন কি না- জানতে চাইলে গোলাম কাদের বলেন, "সরকার প্রয়োজনের বেশি একদিনও জরুরি অবস্থা রাখবে না। প্রয়োজন আছে বলেই এখন জরুরি অবস্থা জারি রয়েছে।"
আগামী নির্বাচন যথাসময়ে হবে কি না তা নিয়ে জনমনে সংশয় নেই দাবি করে উপদেষ্টা বলেন, "আমি অনেক মানুষের সঙ্গে মিশে দেখেছি। তাদের মধ্যে কোনও সন্দেহ নেই। জরুরি অবস্থা নিয়েও তাদের মধ্যে কোনও সমস্যা নেই। তাদের প্রধান সমস্যা দ্রব্যমূল্য। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হলে মানুষের আর কোনও কিছু নিয়ে সন্দেহ থাকবে না।"
তিনি বলেন, "ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বরের পর এ নিয়ে আর কারো কোনও সন্দেহ থাকবে না। নির্বাচন কমিশনসহ সবাই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে।"
সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, "আমরা যেসব কাজে হাত দিয়েছি, তার সবগুলোই ঠিকমতো এগিয়ে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে। তহবিল কম হলেও সিডর দুর্গত এলাকায় পুনর্বাসনের প্রাথমিক পর্যায়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সেখানে উন্নয়নের কাজও শুরু হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24