সিলেট, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনজিও'র নামে প্রতারণার অভিযোগে সিলেটে ছয় জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার সুরমার কুচাই ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অগ্রগামী নারী উন্নয়ন সংস্থা নামে এনজিও'র এ সব কর্মীরা প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, অগ্রগামী নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সৈয়দা লুৎফুন্নাহার, ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন, উপদেষ্টা আলী আহসান রুহিন ও মো. আবু সাঈদ, ব্যবস্থাপক মৃণাল কান্তি রায় এবং সদস্য কবীর আহমদ।
এদের মধ্যে সৈয়দা লুৎফুন্নাহার, রুহিন ও আবু সাঈদের বাড়ি সিলেটে। অন্যদের বাড়ি বিভিন্ন জেলায়।
র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্রগামী বহুমুখী নারী উন্নয়ন সংস্থা মাত্র ১ লাখ টাকায় সিএনজি চালিত অটোরিকশা দেওয়ার প্রচার চালিয়ে প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা তোলে। কিন্তু মাত্র ২৫ জনকে গাড়ি দিলেও বাকিদের দেয়নি। প্রতিষ্ঠানটির গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার রাত ১০টা থেকে আড়াই ঘণ্টা দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের কুশিঘাটে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
ক্যাপ্টেন আল আমিন জানান, কুচাই ইউনিয়নের কুশিঘাট হবিনন্দীগ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে অগ্রগামী নারী উন্নয়ন সংস্থা গত বছর কাজ শুরু করে। প্রতিষ্ঠানের কর্মীরা এক লাখ টাকায় সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার কথা বলে মানুষকে প্রলুব্ধ করে। প্রথম পর্যায়ে ১ লাখ টাকা নিয়ে ২৫ জনকে অটোরিকশা দেওয়া হয়। এ খবর ছড়িয়ে দিয়ে পাঁচশরও বেশি লোকের কাছ থেকে এক লাখ টাকা করে নেয় এনজিওটি। কিন্তু তিন-চার মাস হয়ে গেলেও প্রতিশ্র"তি অনুযায়ী গাড়ি না পেয়ে মঙ্গলবার প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে ভুক্তভোগীরা। বিষয়টি তারা র্যাবকেও জানায়।
বুধবার দুপুরে এ প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত সিলেটের ইসলামপুরে র্যাব-৯ এর কার্যালয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫১ ঘ.
bdnews24