চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু ভীতি কাটাতে মুরগি মেজবানের আয়োজন করেছে চট্টগ্রামের পোল্ট্রি ব্যবসায়ীরা।
আগামী শনিবার নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ মেজবান হবে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার এতে প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানে গরুর মাংস দিয়ে আপ্যায়ন করার হলেও বার্ড ফ্লু ভীতি কাটাতে মুরগি খামারি ও হ্যাচারি মালিকরা ব্যতিক্রমী মুরগি মেজবানের আয়োজন করছে।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির এক সংবাদ সম্মেলনে মুরগি মেজবান আয়োজনের কথা জানানো হয়।
খামারিদের আশা, মুরগির মাংস ও ডিম খাওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভীতির সৃষ্টি হয়েছে, মুরগি মেজবান তা দূর করতে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হ্যাচারি মালিক ও পোল্ট্রি ব্যবসায়ী রকিবুর রহমান টুটুল।
এতে বলা হয়, চট্টগ্রামে প্রায় ৫ হাজার ব্রয়লার ও আটশ লেয়ার খামার থাকলেও বার্ড ফ্লু সনাক্ত হওয়ার পর প্রায় ৭০ শতাংশ খামার বন্ধ হয়ে গেছে। ১৯টি হ্যাচারির মধ্যে সাতটি এখন বন্ধ।
চট্টগ্রামের পোল্ট্রি শিল্পের বিরাজমান সঙ্কট নিরসনে সরকারি-বেসরকারি পর্যায়ে পোল্ট্রি বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করে আশু করণীয় নির্ধারণ করতে সরকারের কাছে আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সারাদেশের প্রায় ২৫ শতাংশ পোল্ট্রি ব্যবসা চট্টগ্রামে হয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, বার্ড ফ্লু সনাক্ত হওয়ার পর চট্টগ্রামে পোল্ট্রি শিল্পে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা ব্যাংক ঋণ রি-শিডিউল করে পুনরায় সহজ শর্তে ঋণ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত খামার মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ, এম এম আগা লিমিটেডের মালিক ইকবাল দাদা, হ্যাচারি মালিক দিদারুল আলম ও মুরগি ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪২৮ ঘ.
bdnews24