সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাড়াশ উপজেলায় শিশু আমিনুল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সতেন্দ্র নাথ এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নাটোরের শুরুদাসপুরের বিয়ারাগাট গ্রামের আহসান হাবিব (২৬), সিরাজগঞ্জের তাড়াশের মাগুড়া বিনোদ গ্রামের নাসিম (২৭) ও আবুল কালাম (২৫)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫ জনকে খালাস দেওয়া হয়।
২০০২ সালের ৩ জানুয়ারি তাড়াশ উপজেলার মাগুড়া-বিনোদ গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিনুল ইসলামকে (৭) আসামিরা অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তারা আমিনুলকে হত্যা করে।
এ ব্যাপারে ৮ জনকে আসামি করে সেকেন্দার আলী তাড়াশ থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24