২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমদের জনবল নিয়োগ বিধিমালা ৩ মার্চ আদালতে উপস্থাপনের নির্দেশ

বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা জারি করে এর প্রজ্ঞাপন আগামী ৩ মার্চ আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আপিল বিভাগ ওই দিন পর্যন্ত এ বিষয়ক শুনানি মুলতবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগীয় হাকিমদের জন্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা জারি করে এর প্রজ্ঞাপন আগামী ৩ মার্চ আদালতে উপস্থাপন করতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আপিল বিভাগ ওই দিন পর্যন্ত এ বিষয়ক শুনানি মুলতবি করেছে। সুপ্রিম কোর্ট এর আগে গত ২০ ফেব্র"য়ারি হাকিমদের জনবল নিয়োগ বিধিমালা জারি করে ২৬ ফেব্র"য়ারির মধ্যে তা আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছিল। তারও আগে গত ১৭ ফেব্র"য়ারি হাকিমদের সহায়ক জনবল তিন দিনের মধ্যে ব্যবস্থা করতে সরকারকে নির্দেশ দেয় আদালত। কিন্তু সরকার ওই বিধিমালার গেজেট আদালতে উপস্থাপন করেনি। এনিয়ে ২০ ফেব্র"য়ারি আদালত সরকারের কর্মকাণ্ডে অসন্তোষও প্রকাশ করে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ মঙ্গলবার আদালতে উপস্থাপন করে বলেন, "হাকিমদের জনবল নিয়োগ বিধিমালায় সরকারি কর্ম কমিশনের অনুমোদন নেওয়া হয়েছে। এ সংক্রান্ত নথিটি সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছেছে। এখন কেবল প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন। খুব শিগগিরই এ বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হবে।" তিনি আরও জানান, হাকিমদের গাড়ির বিষয়ে গত ৬ ফেব্র"য়ারি সরকার দরপত্র আহ্বান করেছে। অন্য কাজগুলোও চলছে। তখন আদালত বলেন, "আগে হাকিমদের জনবল নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপন জারি করে আদালতে উপস্থাপন করুন।" বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার কৌঁসুলী ব্যারিস্টার আমীর উল ইসলাম মঙ্গলবার শুনানিতে অংশ নিয়ে বলেন, "হাকিমদের জনবল নিয়োগ বিধিমালার খসড়ায় অনেক অসঙ্গতি রয়েছে।" এর পরিপ্রেক্ষিতে আদালত বলেন, "আগে এর প্রজ্ঞাপন জারি হোক। কোনও অসঙ্গতি থাকলে তা আদালত যে কোনও সময় সংশোধনের ব্যবস্থা নিতে পারবে।" গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সদ্য নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় হাকিমদের আনুষঙ্গিক কর্মচারী ও যানবাহনসহ যাবতীয় বিষয়ে আইন, পূর্ত ও সংস্থাপন মন্ত্রণালয়ের গত বছরের ২৮ অক্টোবরের জনবল কাঠামো সংক্রান্ত সর্বশেষ চিঠির ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছিল। পরে এ নির্দেশ বাস্তবায়নে আদালত সরকারকে বেশ কয়েকবার তাগিদ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার গত ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক করার আনুষ্ঠানিক কাজ শুরু করে। ওইদিন থেকে নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগ কাজ শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭১১ ঘ.