সিলেট, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য আইনে করা মামলায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে সোমবার আদালতে হাজির করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল গফুর ১৭ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
এর আগে রোববার গভীর রাতে মেয়র কামরানকে কুমিল্লা কারাগার থেকে সিলেট আনা হয়।
তার আইনজীবী শাহ মোশাহিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক দ্রব্য আইনে করা মামলায় মেয়র কামরানকে আজ (সোমবার) আদালতে হাজির করা হয়। মামলাটি আদালত আমলে নিয়ে চোরাচালান নিরোধ সংক্রান্ত বিশেষ আদালতে স্থানান্তর করেন। আগামী ১৭ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে।
কামরানকে গত বছর ৬ এপ্রিল প্রথম গ্রেপ্তার করা হয়। এক মাস কারাভোগের পর ৮ মে তিনি কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান। এরপর ২৮ মে রাতে সিলেট নগরীর গুলশান হোটেল থেকে তাকে আবার গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওইদিন রাতেই মেয়রের ছড়ারপাড়ার বাসায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র, নগদ এক লাখ টাকা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে সিলেট কোতয়ালী থানায় মামলা হয়। এ বছর ৬ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) মেয়র কামরান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে আরেকটি মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24