ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রোকেয়া বেগম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন- জেলার কোটচাঁদপুর উপজেলার দোড়া গ্রামের হারান মিস্ত্রির ছেলে আব্দুল আজিজ মিস্ত্রি।
২০০৩ সালে ৩০ আগস্ট যৌতুকের জন্য স্ত্রী লিপি খাতুনকে (২৫) মারধর করেন আজিজ। এক পর্যায়ে মাথায় লাঠি দিয়ে মাথায় আঘাত করলে লিপি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লিপি বিষপানে আত্মহত্যা করেছে বলে আজিজ অপপ্রচার চালায় এবং এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়। কিন্তু পরে পুলিশের সুরতহাল রিপোর্টে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশের ময়না তদন্তে আঘাতজনিত কারণে মৃত্যু হওয়ার প্রমাণ মেলে। ওই বছর ২৩ সেপ্টেম্বর আজিজকে আসামি করে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি অ্যাডভোকেট আবু তালেব। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৩ ঘ.
bdnews24