ময়মনসিংহ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকার রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।
সোমবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বাজার নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
ফখরুদ্দীন আহমদ বলেন, "নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে এবং সম্ভব হলে তার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে কোনও দ্বিধা বা সংশয়ের অবকাশ নেই।"
বর্তমান সরকার সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের প্রাথমিক চ্যালেঞ্জ ছিল সামাজিক ও রাজনৈতিক সুস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সন্ত্রাস দমন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি ক্ষেত্র তৈরি করা। এসব লক্ষ্য অর্জনে আমরা সচেষ্ট থেকেছি।"
তিনি বলেন, "বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমিত আয়ের মানুষদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। তবে দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার অব্যাহতভাবে বিভিন্নমুখী পদক্ষেপ নিয়ে আসছে।"
ফখরুদ্দীন আহমদ জানান, ওএমএস কার্যক্রম, বিডিআর-এর ন্যায্যমূল্যের দোকানের পাশাপাশি কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফ কর্মসূচির জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে। ৫৮ লাখ মানুষকে ভিজিএফ কর্মসূচির আওতায় আনা হয়েছে।
বাজার পরিস্থিতি সহনীয় রাখতে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "বাজেটে চাপ পড়লেও আমরা কৃষককে সার বাবদ মোটা অংকের ভর্তুকি দিচ্ছি। এ বছর যে কোনও মূল্যে আমাদের রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদন করতে হবে।"
ময়মনসিংহ অঞ্চল বোরো উৎপাদনে বিরাট অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহ শহরে একটি টাউন হল আগামী মার্চ মাসের মধ্যেই নির্মিত হবে বলে প্রধান উপদেষ্টা জানান। এছাড়া ধোবাউড়ায় নিতাই নদীর দুপারে বেড়িবাঁধ, হালুয়াঘাটে আদিবাসী কেন্দ্র এবং ময়মনসিংহে কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা ও চরাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তিনি।
ময়মনসিংহ শহরের যানজট নিরসনে বাইপাস সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ফখরুদ্দীন আহমদ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানানোর পাশাপাশি এক্ষেত্রে সাধারণ মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে বলে তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, "দুর্নীতিবাজ, কালোবাজারি, সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করতে হবে। সার ও জ্বালানি তেল যেন সীমান্ত পথে পাচার না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ঢাকা বিভাগীয় কমিশনার ইকরাম আহমেদসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ ওই মতবিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. শামসুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএ/১৫২৫ঘ.
bdnews24