ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিব পর্যায়ে আবারও কয়েকটি রদবদল হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়েরকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. মো. আইয়ুব মিয়া গত বছরের অক্টোবরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।
খাদ্য মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়া মোল্লা ওয়াহেদুজ্জামানও বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা। তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয় গত ডিসেম্বর মাসে। তাকে এই প্রথম কোনও মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হলো।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলীকে গত সপ্তাহে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। ফলে পদটি শূন্য ছিল। এখন এর দায়িত্ব পেলেন সৈয়দ মোহাম্মদ জোবায়ের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমকে/এমআই/১৩০৬ ঘ.
bdnews24