২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রোববার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী মামলার তদন্ত কর্মকর্তা বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা শফিউল আলম এবং ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সাক্ষ্য নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা-কর্মী হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রোববার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী মামলার তদন্ত কর্মকর্তা বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা শফিউল আলম এবং ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সাক্ষ্য নেন। একইসঙ্গে আদালত আগামী ৩ মার্চ ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষার (শনাক্তকরণ) দিন ধার্য করেছেন। ২০০০ সালের ১২ জুলাই সকাল ১১টায় নগরীর বহদ্দার হাট খাজা রোডের মাথায় মাইক্রেবাস আরোহী ছাত্রলীগের আট নেতা-কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা মাইক্রোবাসে করে বাকলিয়ার গর্ভনমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটে যাচ্ছিলেন। এ ঘটনায় ছাত্র শিবির মহানগর শাখার তৎকালীন সভাপতি এটিএম মিছবাহুল কবীর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিবির ক্যাডার সাজ্জাদ খান, হাবীব খান, গিট্টু নাসিরসহ ২২ জনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এই হত্যাকাণ্ড চট্টগ্রামসহ সারা দেশে ব্যাপকভাবে আলোচিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রে উল্লেখ করা ৬৩ জন সাক্ষীর মধ্যে গুরুত্বপূর্ণ ৪২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। অপর ১১ জন সাক্ষীকে আদালত বৈরি ঘোষণা করেছে। বাকীদের সাক্ষ্য নেওয়ার আর প্রয়োজন হবে না বলে তিনি জানান। ২০০১ সালের ১৭ জানুয়ারি সিআইডি চট্টগ্রাম জোনের তৎকালীন সহকারী পুলিশ সুপার এম এ কাদের খান মামলার অভিযোগপত্র দাখিল করেন। আইনজীবী আহসানুল হক হেনা জানান, ২২ আসামির মধ্যে তিনজন কারাগারে, ১২জন পলাতক এবং সাতজন জামিনে আছেন। জামিন পেয়ে আত্মগোপনে চলে যাওয়া আসামি গিট্টু নাসির ও মো. দেলোয়ার ওরফে আজরাইল দেলোয়ার পরে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। তিনি জানান, মামলার অভিযুক্ত ও আটক আসামি আবদুল কাইয়ুম ও সোলায়মান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০১৩ ঘ.