২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের কল্যাণে গৃহবধূদের বিপজ্জনক স্বস্তি!

তাছলিমা বেগম এখন দারুণ খুশি। এক সপ্তাহ আগেও ভাত রান্না করতে গিয়ে তার চোখের পানি-নাকের পানি একাকার হত। খড়কুটো আর শুকনো লতা-পাতা দিয়ে মাটির চুলায় রান্না করতে গেলে যা হয়। তিনি এখন গ্যাসের চুলায় রান্না করেন। আর এজন্য কোনও বিল পরিশোধ করতে হচ্ছে না। আনন্দপুর গ্রামের তাছলিমার মতো আশপাশের আরও কয়েকটি গ্রামের গৃহবধূদের রান্নার কষ্ট হঠাৎ করেই লাঘব হয়ে গেছে তিতাস গ্যাসক্ষেত্রের কল্যাণে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 12:41 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাছলিমা বেগম এখন দারুণ খুশি। এক সপ্তাহ আগেও ভাত রান্না করতে গিয়ে তার চোখের পানি-নাকের পানি একাকার হত। খড়কুটো আর শুকনো লতা-পাতা দিয়ে মাটির চুলায় রান্না করতে গেলে যা হয়। তিনি এখন গ্যাসের চুলায় রান্না করেন। আর এজন্য কোনও বিল পরিশোধ করতে হচ্ছে না। আনন্দপুর গ্রামের তাছলিমার মতো আশপাশের আরও কয়েকটি গ্রামের গৃহবধূদের রান্নার কষ্ট হঠাৎ করেই লাঘব হয়ে গেছে তিতাস গ্যাসক্ষেত্রের কল্যাণে! আনন্দপুর ও আশপাশের গ্রাম ঘুরে দেখা গেছে, ওই সব এলাকার ফসলের মাঠে বা বাড়ির আশপাশে কোথাও কোথাও আগুন জ্বলছে। নলকুপ দিয়ে বের হচ্ছে গ্যাস। গ্যাসের চাপে কোনও কোনও নলকূপ দিয়ে অবিরাম পড়ছে পানি। মজলিশপুর ও সুহিলপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের গৃহবধূরা নলকূপের সঙ্গে নল লাগিয়ে মাটির চুলায় গ্যাস নিয়ে রান্নার কাজ করছেন। তাছলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরের গ্যাসের চুলার জন্যে মাসে মাসে টাকা দিওন লাগে। কিন্তু আমরা মাগনা গ্যাসের চুলা জ্বালাই। সবই আল্লার ইচ্ছা।" বাকাইল গ্রামের গৃহবধু জাহানারা বেগম জানান, মাটির চুলায় গ্যাসের লাইন দিতে তার ৫০০ টাকা খরচ হয়েছে। গ্রামের সবাই এখন এই চুলা ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠেছে। গ্যাসক্ষেত্রের কাছ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর তলদেশ এবং আনন্দপুর ও শ্যামপুরের টিউবওয়েল দিয়ে হঠাৎ করে গ্যাস উদগিরণ শুরু হয় ২০০৬ সালের জুলাইয়ে। তাৎক্ষণিকভাবে কার্যকর কোন ব্যবস্থা না নেওয়ায় প্রায় দু বছরে উদগিরণ ভয়াবহ রূপ নেয়। ক্রমেই আরও বড় এলাকা জুড়ে উদগিরণ শুরু হয়। গ্যাসক্ষেত্র নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের জরিপ ও পরীক্ষা-নিরীক্ষার পর উদগিরণের কারণ হিসেবে ৪০ বছরের পুরনো ৩ নম্বর কুপের ত্র"টি চিহ্নিত করে। এ বছর ২২ জানুয়ারি কুপটি পরিত্যক্ত করা হয়। কিন্তু উদগিরণ বন্ধ হয়নি। তবে কী কারণে গ্যাস উদগিরণ অব্যাহত রয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা। কূপ বন্ধের পর বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির কবীর বলেছিলেন, পরিত্যক্ত ৩ নম্বর কূপের কারণে উদগিরণ যদি অব্যাহত থাকে, তা জানতেও তাদের অন্তত ৬/৭ মাস অপেক্ষা করতে হবে। বাকাইল গ্রামের খোদেজা খাতুনের ভাষায়, "কোটি কোটি টাকার গ্যাস উইরা যাইতাছে। আমরা যদি এর কিছু অংশও ব্যবহার করি তাইলে অপচয় কমবে।" নলকুপ দিয়ে গ্যাসের চাপে বের হওয়া পানি দিয়ে এবার ইরি-বোরোর আবাদ করছে গ্রামের কৃষকরা। কৃষক নান্নু মিয়া জানান, অনেকেই নালা কেটে নলকূপ দিয়ে পড়তে থাকা পানি জমিতে নিচ্ছেন। ১৯৬৮ সালে ব্রিটিশ কোম্পানি শেল ওয়েল এই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করে। তখন থেকেই গৃহস্থালীর ব্যবহারের জন্যে গ্যাস সরবরাহের চিন্তা ভাবনা শুরু হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহ হলেও গ্যাসক্ষেত্র থেকে থেকে মাত্র ১/২ কিলোমিটার দুরত্বের তিতাস নদীর পুর্ব পাড়ের আনন্দপুর, শ্যামপুরসহ আশপাশের গ্রামগুলোতে গ্যাস সরবরাহ করা হয়নি। বহুবছর পর গ্যাস উদগিরণের সুবাদে গ্রামের মহিলারা এখন সে সুযোগ পেয়ে গেছেন। দোকান থেকে পাইপ বা প্লাস্টিকের নল কিনে এনে মাটির চুলায় গ্যাস সংযোগ নিয়ে রান্না করতে পেরে তারা আপাতত স্বস্তি পাচ্ছেন। তবে তারা জানেন না, এভাবে গ্যাস ব্যবহার করতে গিয়ে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুবারক মুন্সী জানান, সবাইকে এভাবে রান্না করা থেকে বিরত থাকতে বলা হলেও তারা শুনছেন না। গ্রামের গৃহবধুদের এই বিপজ্জনক স্বস্তির খবর জানেন না জেলা প্রশাসনের কর্মকর্তারা। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদকের কাছে খবর পেয়ে জেলা প্রশাসক মো আবদুল হাই বললেন, "জানলাম। এখন খোঁজ-খবর নিয়ে দেখি প্রয়োজনীয় কী ব্যবস্থা নেওয়া যায়।" বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির কবীর জানান, গ্রামবাসীদের এইভাবে গ্যাস নিয়ে রান্না না করতে বলা হয়েছে। তারা কথা শুনছেন না। তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এভাবে রান্না করা খুবই বিপজ্জনক। কারণ এখানে গ্যাস নিয়ন্ত্রণহীনভাবে বের হচ্ছে। হঠাৎ করে যদি গ্যাসের চাপ বেড়ে যায়, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৮৩১ ঘ.