২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার থেকে গ্যাস আমদানির কথা ভাবছে সরকার: ড. তামিম

পরিস্থিতির উন্নতি ঘটাতে বিকল্প হিসেবে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম. তামিম। বিদ্যুৎ. জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী বলেন, "এ বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্যাসের বিপরীতে সার উৎপাদন করে মিায়ানমারকে দেওয়া হবে- এমন দ্বিপক্ষীয় চুক্তিতে গ্যাস আমদানি করা হতে পারে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিস্থিতির উন্নতি ঘটাতে বিকল্প হিসেবে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়টি গুরুত্বের সঙ্গে সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম. তামিম। বিদ্যুৎ. জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী বলেন, "এ বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্যাসের বিপরীতে সার উৎপাদন করে মিায়ানমারকে দেওয়া হবে- এমন দ্বিপক্ষীয় চুক্তিতে গ্যাস আমদানি করা হতে পারে।" এ ক্ষেত্রে সার উৎপাদনের পর অতিরিক্ত গ্যাস এখানে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে তিনি জানান। শনিবার বিকেলে চট্টগ্রামে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় ড. তামিম জানান, চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়াতে শিগগিরই খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থিত সেমুতাং গ্যাসক্ষেত্রে উৎপাদন শুরুর প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। বাপেক্সকে এই গ্যাসক্ষেত্রে কূপ খননের প্রক্রিয়া শুরুর জন্য ইতোমধ্যে বলা হয়েছে। একনেকের অনুমোদন পাওয়া গেলে এটির কাজ শুরু করা হবে। তিনি বলেন, "গাজীপুরের কাপাসিয়া গ্যাসক্ষেত্রের কাজ শুরুর আগেই সেমুতাংয়ে কূপ খননের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।" সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. তামিম বলেন, "পেট্রোল ও অকটেনের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সিএনজির দাম বাড়ানোর চিন্তা-ভাবনা করছে।" ব্যবসায়ী নেতাদের সঙ্গে সভায় তিনি জানান, গ্যাস সংকটের কারণে নতুন করে সার কারখানা ও বিদ্যুত কেন্দ্রের মতো বড় শিল্প প্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দেবে না সরকার। গ্যাসের উপর চাপ কমাতে কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং বিকল্প মাধ্যম ব্যবহারের উপর জোর দেন তিনি। চট্টগ্রামে গ্যাস সংকটের কারণে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কাজ বন্ধ রয়েছে ব্যবসায়ীদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ড. তামিম বলেন, যে সব প্রতিষ্ঠানে ইতোমধ্যে গ্যাস সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে- সেগুলোকে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ করা হবে। কিন্তু গ্যাস না থাকায় নতুন করে সংযোগ দেওয়া সম্ভব নয়। বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন গ্রীষ্ম মওসুমে সারাদেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৪৫০০ থেকে ৪৭০০ মেগাওয়াট। সরকার ৪০০০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চালাচ্ছে। লোড ম্যানেজমেন্ট ও সিস্টেম লস কমিয়ে অবস্থা অনুকূলে রাখার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আগের সরকার দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নিলে এই চিত্র ভিন্ন হওয়া সম্ভব ছিল। বর্তমান সরকার সিরাজগঞ্জ ও বিবিয়ানায় প্রতিটি ৪৫০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কাজ করছে। এছাড়া কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যাতে জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় সেজন্য দুটি ইউনিট স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে। জাপান সরকার এই খাতের বরাদ্দকৃত টাকা ফিরিয়ে নিলেও নতুন করে তহবিল খোঁজা হবে। চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, বাখরাবাদের সদর দপ্তর চট্টগ্রামে আনা কিংবা কর্ণফুলী নামে নতুন একটি সরবরাহ প্রতিষ্ঠান করার বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। গ্যাসের কারণে শিল্প স্থাপনের অনুমোদন না দিলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কি না এমন এক প্রশ্লের জবাবে তিনি বলেন, এই ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলেও গ্যাস না থাকলে সংযোগ দেওয়ার বিকল্প উপায় তো নেই। বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফ শামীম, চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, বিজিএমইএ'র প্রথম সভাপতি এম এ সালামসহ বিভিন্ন ব্যবসায়ী নেতা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাখরাবাদের উর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভার আগে সকালে ড. তামিম ইপিজেডে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন সেকশন সেভেন লিমিটেডের তৈরি একটি পোশাক কারখানা উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আএআর/এমএসবি/১৯৫৩ ঘ.