ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় ডাকাতিতে জড়িত সন্দেহে আটক দক্ষিণখান থানার সহকারী উপ-পরিদর্শক বেলায়েত হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ভোরে দক্ষিণখান থানা এলাকার নর্দাপাড়ায় এক বাড়িতে ডাকাতির চেষ্টার সময় তিনজনকে ধরে পিটুনি দেয় স্থানীয় মানুষ। এদের মধ্যে দুজনের মৃত্যু হয় এবং পুলিশ একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত ডাকাত সাইফুল ইসলাম পুলিশকে জানায় দক্ষিণখান থানার সহকারী উপ পরিদর্শক বেলায়েত হোসেন তাদের ডাকাত দলটি পরিচালনা করেন।
সাইফুলের দেওয়া তথ্যের সূত্র ধরে মঙ্গলবার রাতে পুলিশ বেলায়েত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ রাউন্ড গুলি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।
দক্ষিণখান থানার সহকারী উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, এ ঘটনায় ২০ ফেব্র"য়ারি দক্ষিণখান থানার উপ-পরিদর্শক কার্ত্তিক চন্দ্র দেব বাদী হয়ে ওই থানাতেই একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। ওইদিন থেকে বেলায়েতকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " সহকারী উপ পরিদর্শক বেলায়েতের বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। বাসা থেকে গুলি উদ্ধার করার ঘটনায় যে মামলা হয়েছে তাতে এখন সে রিমান্ডে রয়েছে। তবে তার বিরুদ্ধে ডাকাতির ঘটনায় সরাসরি সংশ্লিষ্টতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।"
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মাইনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে ঘটনার সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতার খবর আমরা পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২২২০ঘ.
bdnews24