চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্য তেলের দাম বাড়ার পাশাপাশি এবার হঠাৎ করেই বেড়েছে চিনির দাম। ফলে স্বস্তিতে নেই ক্রেতারা। তবে চাল, আটাসহ নিত্য প্রয়োজনীয় অন্য সব দ্রব্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
চট্টগ্রামের বাজারে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজি প্রতি ছয় টাকা বেড়েছে। আর ১০ দিনের ব্যবধানে খোলা সয়াবিনের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। বিক্রেতারা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও সরবরাহের ঘাটতির কারণেই দাম বেড়েছে।
শুক্রবার নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি খোলা সয়াবিন ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে তা ছিল একশ টাকার নিচে। অপরদিকে বিভিন্ন কোম্পানির ৯০০ মিলিলিটারের বোতল ১০৪ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।
চিনির দাম গত সপ্তাহে কেজি প্রতি ৩০ টাকা দরে চিনি বিক্রি হলেও এ সপ্তাহে কয়েক দফা বেড়ে ৩৬ টাকায় গিয়ে ঠেকেছে।
রেয়াজুদ্দিন বাজারে খুচরা দোকানে সয়াবিন তেল কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতি সপ্তাহেই বাজার এসে দেখি, কোনও না কোনও পণ্যের দাম বেড়েছে। আজকে চালের দাম বেশি তো কাল সয়াবিনের। দাম বৃদ্ধির যাঁতাকলে পড়ে আমরা অতিষ্ঠ।"
তিনি হতাশ কণ্ঠে বলেন, "দাম একবার বেড়ে গেল তা আর কমে না। কিন্তু আমাদের বেতন তো বাড়ে না।"
বাজার ঘুরে দেখা যায়, চাল ও আটার দাম স্থিতিশীল রয়েছে। বার্ড ফ্লু আতঙ্কে মুরগি ও ডিম বিক্রি কম। ফলে মাছ ও মাংসের বাজারে ভিড় ছিল বেশি।
বাজারে প্রতি কেজি ফার্মের মুরগি ৫৫ থেকে ৬০ টাকা, দেশি মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম প্রতি শ ৪০ টাকা কমে ৪৮০ টাকায়, দেশি মুরগির ডিম ২০ টাকা কমে ৫৮০ টাকায় এবং ফার্মের মুরগির ডিম ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিম বিক্রেতা মোস্তফা কামাল জানান, ডিম ও মুরগির চাহিদা কম থাকায় দাম কিছুটা কমেছে।
বাজারের খুচরা দোকানে আমদানি করা ভারতীয় বেতি চাল (আতপ) প্রতি কেজি ২৯ টাকা, পারি আতপ ৩১ টাকা, মিনিকেট ৩৩ টাকা, পারি সিদ্ধ ৩২ টাকা, বালাম সিদ্ধ ৩০ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৫ টাকা, জিরাশাইল ৩৮ টাকা, নাজিরশাইল ৩৯ টাকায় বিক্রি হচ্ছে।
সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে সবজির দাম এখনও স্থিতিশীল রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে সবজির দাম কিছুটা বাড়তে পারে বলে বিক্রেতারা জানান।
বাজারে আলু প্রতি কেজি ১২ থেকে ১৪ টাকা, টমেটো মানভেদে ১৬ থেকে ১৮ টাকা, বেগুন ১৪ থেকে ১৬ টাকা, ফুলকপি ১৪ থেকে ১৬ টাকা, বাঁধাকপি ৭ টাকা, মুলা ২ থেকে ৩ টাকা বেড়ে ১০ টাকা, শালগম ১২, শিম ১৬ টাকা, করলা ২৬ টাকা, বরবটি ১০ টাকা বেড়ে ৩৬ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা, পেঁপে ১২ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া কাঁচামরিচ ও ধনেপাতা প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩০৫ ঘ.
bdnews24