কুমিল্লা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তালিকাভুক্ত সন্ত্রাসী উৎবাতুল বারী আবু এবং সদর দক্ষিণ উপজেলার অপর সন্ত্রাসী জাকির হোসেন মানিক ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে তাদের গ্রেপ্তারের পর মানিকের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা র্যাব -১১ এর মেজর মোকসেদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাত ৮টায় কুমিল্লা পদুয়ার বাজারে নুরজাহান হোটেলের সামনে থেকে আবুকে আটক করে।
র্যাব সূত্র জানায়, চারটি মোটর সাইকেলে আবু ও তার সঙ্গীরা নূরজাহান হোটেলে যান। তারা সেখানে অবস্থান করছেন- এ সংবাদ নিশ্চিত হওয়ার পর র্যাবের একটি দল আকস্মিক অভিযান চালায় ।
এসময় আবুর অন্য সঙ্গীরা পালিয়ে যায়। আবুকে গ্রেপ্তার করে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।
র্যাব জানায়, ১৯৯৭ সালের মার্চে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ল্যাবরটারিতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আবুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, বুধবার রাতে র্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর বৃহস্পতিবার কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
অগ্নি সংযোগের মামলা ছাড়াও তার বিরুদ্ধে দূর্নীতি, হত্যা, সন্ত্রাস, চাদাঁবাজির একাধিক মামলা রয়েছে বলে কোতয়ালী পুলিশ জানায়।
র্যাবের অপর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সন্ত্রাসী জাকির হোসেন মানিক ওরফে বোমা মানিককে গ্রেপ্তার করেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা র্যাব-২ এর ক্যাপ্টেন সাজিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে বোমা মানিককে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চৌদ্দগ্রামের সুয়াগাজীর হোটেল কানন রিসোর্সের পাশে ইটের স্তুপ থেকে একটি ওয়ান সুটারগান ও একটি কাটা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়।
আটক বোমা মানিকের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তাকে আগে একবার গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩১ ঘ.
bdnews24