ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর অপটিক্যাল ফাইবার লাইন ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে বুধবার চুক্তি করেছে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি)। পিজিসিবির এই কেবল্ কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত বিটিটিবির অপটিক্যাল ফাইবার লাইনের বিকল্প হিসাবে কাজ করবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চুক্তির বিষয়টি জানান।
বিটিটিবির সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিটিটিবির পক্ষে চুক্তিতে সই করেন বোর্ড সচিব আসাদুল ইসলাম। পিজিসিবির পক্ষে ছিলেন কোম্পানির সচিব মো. সেলিম।
বিটিটিবির সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. সামসুল আলম এবং পিজিসিবির মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ চুক্তির ফলে দীর্ঘদিন ধরে যে বিকল্প ফাইবার অপটিক কেবল্ এর কথা বলা হচ্ছিল তা পূরণ হবে। আশা করছি এখন থেকে নিরবিচ্ছন্ন টেলিযোগাযোগ অক্ষুন্ন থাকবে।"
তিনি জানান, এ কেবল্ ব্যবহারের জন্য কিছু যন্ত্র স্থাপন করতে হবে। এজন্য ইতোমধ্যে দরপত্র ডাকা হয়েছে। কয়েকদিনের মধ্যে দরপত্র খোলা হবে।
বিটিটিবি কর্তৃপক্ষ জানায়, তিন বছর মেয়াদী এই চুক্তির জন্য পিজিসিবিকে ১৮ কোটি টাকা দিতে হবে। প্রাথমিকভাবে এক বছরের টাকা পরিশোধ করা হবে। বিটিটিবির অপটিক্যাল ফাইবার কেবল্ কাটা গেলেও পিজিসিবির লাইন ব্যবহার করে আর্ন্তজাতিক টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখা যাবে।
বিটিটিবি কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার কেবল্ স্থাপনের পর এ পর্যন্ত ৩২ বার তা কাটা পড়েছে। এর মধ্যে আট বার কেবল্ কাটা পড়ার ঘটনাকে 'নাশকতা' বলে দাবি করেছে বিটিটিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24