ঝিনাইদহ, ফেয্রুয়ারি ১৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সহ-সভাপতি শরাফত হোসেনকে (৫২) মঙ্গলবার চরমপন্থীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আলী জানান, দুপুর আড়াইটার দিকে শরাফত হোসেন শৈলমারী বাজার থেকে ভ্যানে কালুহাটী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। কুঠিদুর্গাপুর গ্রামে আসার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা তার উপর হামলা চালায়। তিনি আততায়ীদের দেখে দৌড়ে পালানোর চেষ্ঠা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তার সঙ্গে থাকা জহর আলী (৩০) বুকে গুলিবিদ্ধ হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওসি ইকবার আলী জানান, তিন হত্যাকারী মোটরসাইকেলে করে পালানোর সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এ অবস্থায় মোটর সাইকেল রেখেই তারা পালিয়ে যায়। পুলিশ মোটর সাইকেলটি জব্দ করেছে।
তিনি জানান, শরাফত হোসেনকে এর আগেও চরমপন্থীরা দুবার গুলি ও বোমা মেরে হত্যার চেষ্টা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24