২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউট: ভাষা শেখার ইশকুল

ভাষা শেখানোর এক অনন্য কারখানার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট। সেখানে 'বাংলা ভাষা' শেখানো হয় বিদেশি ভাষা হিসেবে। ১৯৭৪ সালে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার পর বর্তমানে ৪৯ জন শিক্ষক বাংলার পাশাপাশি আরো ১২টি ভাষা দেশি বিদেশিদের শিখিয়ে যাচ্ছেন। রয়েছে দেড় হাজারের বেশি শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

জান্নাতুল ফেরদৌস ঢাবি প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নব্বইয়ের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে বাংলা ভাষা শিখেছিলেন 'কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না'র অধ্যাপক লিও আই হো। একই সময় বাংলা ভাষা শিখেন স্বামীও। পরে ফিরে যান নিজ দেশে। সেখানে শুরু করেন বাংলা ভাষা শিখানোর কমর‌্যজ্ঞ। দু'জনে মিলে বাংলা ভাষা শেখান শিক্ষার্থীদের। এখন তার শিক্ষার্থীদের অনেকেই কাজ করেন বেইজিং রেডিওতে। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে হো'র নাতনি বাংলা ভাষা শেখার জন্য একই ইনস্টিটিউটে ভর্তি হয়। বাংলা ভাষার অসীম আগ্রহ আর ভালবাসার জন্যই বংশ পরম্পরায় তারা এই ভাষা শিখে অন্যকে শেখাচ্ছেন। 'বাংলা ভাষা' শেখার এই গল্পটা শোনান আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। এটিকে গল্পের মতো শোনালেও এটি বাস্তবতা এর ভিন্ন কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা বিদেশি ভাষা হিসেবে শেখানো হয়। বিদেশিদের এই ভাষার প্রতি আগ্রহ থাকলেও অনুমতির কারণে অনেক সময় সবাই নির্দিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পান না। বাংলা ভাষা শেখার জন্য ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, কোরিয়া, চায়না, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, ইরান প্রভৃতি দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। অধ্যাপক আনোয়ার জানান, যারা বাংলা ভাষা শিখতে আসে তাদের অনেকেই বেসরকারি সংস্থা কিংবা প্রকল্পের সঙ্গে যুক্ত। এদের সবাই খুব আগ্রহ ও উৎসাহ নিয়ে ভাষা শেখে। তবে পরিতাপের বিষয় এখানে ভর্তি হতে হলে বিদেশি শিক্ষার্থীদের অনুমতি নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। অনেক সময় অনুমতিপত্র পেতে পেতে ভর্তির সময়ই চলে যায়। এতে অনেকেই নির্দিষ্ট শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন না। শুধু বিদেশিরা কেন, বাংলাদেশি বংশোদ্ভুত বিদেশিরাও আসে বাংলা ভাষা শেখার জন্য এই ইনস্টিটিউটে, জানালেন অধ্যাপক আনোয়ার। ইনস্টিটিউটের জ্যেষ্ঠ সচিব হাফিজ আব্দুর রহিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ - ০৭ শিক্ষাবর্ষে ১৯ জনের আবেদনপত্র অনুমতির জন্য শিক্ষা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল। তার মধ্যে 'নো অবজেকশন সার্টিফিকেট' আসতে দেরি হওয়ায় ওই শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলো মাত্র ছয় জন। তাই তড়িৎ গতিতে 'নো অবজেকশন' সনদ প্রদান করা হলে শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হবে না। আধুনিক ভাষা ইনস্টিটিউটে মোট ১৩ টি ভাষায় শিক্ষা দান করা হয়। জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা ক্যাটাগরিতে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়ে থাকে। পরিচালক জানান, যুগের সাথে তাল মেলাতে ও আর্ন্তজাতিক সম্পর্ক বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের মধ্যে ভাষা শিক্ষার আগ্রহ বাড়ছে। সব ভাষাগুলোর মধ্যে ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষার প্রতি শিক্ষার্থীরা ইদানিং অনেক বেশি ঝুঁকছে। তিনি জানান, শিক্ষার্থীদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। এর কারণ শ্রেণী কক্ষ সঙ্কট, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং সর্বোপরি নির্দিষ্ট ভাষায় বিশেষজ্ঞ শিক্ষকের অভাব। এ ছাড়া তিন তলা ভবনটিকে পাঁচ তলায় পরিণত করা হলে শ্রেণীকক্ষ সংকটের অবসান হবে। এ ব্যাপারে উদ্যোগও নেওয়া হয়েছে। রাশিয়ার ফ্রেন্ডশিপ বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে অনার্স, মাস্টার্স ও পিএইচডি করা এই শিক্ষক অধ্যাপক আনোয়ার সব ভাষায় পুরোপুরি বিশেষজ্ঞ না পেলেও অন্তত একটি নির্দিষ্ট ভাষায় মাস্টার্স করা এমন শিক্ষকরা যাতে ভাষা ইনস্টিটিউটে যোগ দেন এমনটিই প্রত্যাশা করেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা, ইংরেজী, ফ্রেঞ্চ, স্প্যানিশ, তুর্কি, ইটালিয়ান, চাইনিজ, কোরিয়ান, আরবী, জাপানীজ, রাশিয়ান, জার্মান এবং ফার্সি এই ১৩টি ভাষায় শিক্ষা দেওয়া হয়। প্রতিবছর এ ইনস্টিটিউট থেকে 'জার্নাল অব মডার্ন ল্যাঙ্গুয়েজ' নামে একটি প্রকাশনা বের হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ জেএফ/এএল/এমএ/১৪১০ঘ.