২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সংঘর্ষের ঘটনায় রাজারবাগ পীরের ৫৬ মুরিদ গ্রেপ্তার

নাটোর শহরের দিয়াড়ভিটা মহল্লায় সংহিসতা সৃষ্টির অভিযোগে ঢাকার রাজারবাগ শরীফের পীর জিল্লুহুল আলীর ৫৬ মুরিদকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৫২ জনকে আদালতের নির্দেশে সন্ধ্যায় নাটোর কারাগারে পাঠানো হয়েছে। অপর চারজন আছেন হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

নাটোর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর শহরের দিয়াড়ভিটা মহল্লায় সংহিসতা সৃষ্টির অভিযোগে ঢাকার রাজারবাগ শরীফের পীর জিল্লুহুল আলীর ৫৬ মুরিদকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৫২ জনকে আদালতের নির্দেশে সন্ধ্যায় নাটোর কারাগারে পাঠানো হয়েছে। অপর চারজন আছেন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার নাটোরের প্রধান বিচারিক হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন আটকদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার রাতে পীরের অনুসারীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক এই ৫৬ জন ভক্তের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন দিয়াড়ভিটা জামে মসজিদ কমিটির সভাপতি আলী উজ্জামান। পীরের ভক্তদের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। এদের কয়েকজন হলেন, নাটোরের আব্দুল আলিম (৩৪), সোহেল (১৮), সাইদুজ্জামান (৪৫), সিলেটের সাইম (২৪), মাদারীপুরের মারুফ (১৩), কুড়িগ্রামের আতিকুর (১৫), নওগাঁর মেহেদী (২৩), মাহবুব (২৫), ঢাকার মইনুদ্দিন (১৮) ও বগুড়ার রনি (২১)। এদের বেশিরভাগই নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহ্মেদ আলী বলেন, "পীরের লোকজন প্রশাসন ও পুলিশের অনুমতি না নিয়ে অবৈধভাবে বিভিন্নস্থানে সমাবেশ করেছে। তাদের নিকট থেকে বেশ কিছু ইটপাটকেল ও লাঠিসোঠা জব্দ করা হয়েছে। সময়মত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়নি।" ঘটনার বিবরণে তিনি জানান, ঢাকার রাজারবাগ শরীফের পীর দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক ভক্ত সমর্থক নিয়ে রোববার সন্ধায় দিয়াড়ভিটা মহল্লার সফিউল ইসলামের বাড়িতে জলসার আয়োজন করেন। প্রথমে তারা স্থানীয় জামে মসজিদে মিলাদ অনুষ্ঠানের উদ্যোগ নিলে মুসল্লিরা আপত্তি জানান। পরে মসজিদসংলগ্ন ওই বাড়িতে জলসা চলাকালে পীরের সমর্থকরা মাইকে উচ্চ শব্দে বয়ান শুরু করলে মুসল্লিরা বাধা দেন। এতে ঊভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ খবর মসজিদের মাইকে প্রচার করা হলে হাজার হাজার স্থানীয় লোক জলসাস্থল ঘিরে ফেলে। এ সময় পীরের ভক্তরা গজারী কাঠের লাঠি ও ইটের টুকরা নিয়ে প্রতিহত করে। এতে সহিংসতা ব্যাপক আকার ধারণ করে। তিনি জানান, সংঘর্ষ পুরো দিয়াড়ভিটা মহল্লাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট ধরে চলে সংঘর্ষ। এ সময় জনতা সফিউল ইসলামের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। ওসি জানান, পুলিশ এসে সফিউল ইসলামের বাড়ি থেকে পীর এবং কয়েকজন মহিলা ও শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাদের শহরের রুখসানা হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। সোমবার ভোরে রুখসানা হোটেল থেকে পুলিশ প্রহরায় ৪টি বাস ও কয়েকটি মাইক্রোযোগে পীর ও তার সমর্থকদের ঢাকায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসক এস এম এহসান কবীর ও পুলিশ সুপার গোলাম মাহ্মুদ রাত সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন বলে জানান তিনি। দিয়াড়ভিটা জামে মসজিদের ইমাম রুহুল আমিন বলেন, "পীরের অনুসারীরা মাইকে উচ্চ শব্দে ইসলামের অপব্যাখ্যা করে এলাকার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তারা পূর্ব পরিকল্পিতভাবে গজারি কাঠের লাঠি ও ইটপাটকেল জড়ো করে স্থানীয় মুসল্লীদের ওপর বর্বর হামলা চালায়।" অপরদিকে, জলসার আয়োজক পীরভক্ত সফিউল ইসলাম বলেন, "আমরা মসজিদে অতিথিদের নিয়ে মিলাদের আয়োজন করেছিলাম। কিন্তু আমরা ভিন্ন মতাবলম্বী হওয়ায় ইমাম সাহেব আমাদের মিলাদ করতে দেননি। বরং স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। প্রশাসনও আমাদের প্রতি ন্যায়বিচার করছেন না।" রাজারবাগ পীরের প্রতিবাদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত "নাটোরে রাজারবাগ পীরের অনুসারী ও গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০" শিরোনামের সংবাদটির প্রতিবাদ করেছেন রাজারবাগ পীর। পীরের পক্ষে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, "প্রকৃতপক্ষে এলাকাবাসীর সঙ্গে কোনোই সংঘর্ষ হয়নি। বরং মসজিদের ইমাম নামধারী ব্যক্তি অত্যন্ত সুকৌশলে ও পরিকল্পিত ষড়যন্ত্রে মাধ্যমে তার ভাড়াটে গুণ্ডাপাণ্ডাদের মাধ্যমে এ কাণ্ড ঘটিয়েছে।" এতে আরও বলা হয়, গজল পরিবেশন নিয়ে মসজিদে মুসল্লিদের সঙ্গে কোন ঘটনাই ঘটেনি। বরং ইমাম পূর্ব পরিকল্পনা অনুযায়ী শান্তিপূর্ণ মিলাদ শরিফ পাঠ ও দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণের পর্যায়ে ভাড়া করা ক্যাডার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে মাইকে ঘোষণা করতে থাকে 'চোর এসেছে, ডাকাত এসেছে, কাদিয়ানিরা এসেছে, মসজিদ ভাঙতে এসেছে, গ্রামবাসীরা সবাই এক হও।" প্রতিবাদপত্রে মসজিদের ইমামকে এলাকায় চিহ্নিত ডাকাত পরিবারের সদস্য দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২২৩১ ঘ.