ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাম সরকার বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে গ্রাম সরকার (রহিতকরণ) অধ্যাদেশ ২০০৮ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। (আরও তথ্যসহ)
অধ্যাদেশটি এরপর আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপদেষ্টা পরিষদে তোলা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম বৈঠকে সাংবাদিকদের এ তথ্য জানান।
বর্তমান সরকার ক্ষমতায় এসে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করার জন্য সাবেক সচিব (বর্তমানে উপদেষ্টা)
শওকত আলীকে প্রধান করে একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটি গ্রাম সরকার বাতিলের সুপারিশ করে।
গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম সরকারের ধারণার জন্ম হয়। স্থানীয় প্রশাসনের এই চিন্তাভাবনা ১৯৮০ সালে জিয়াউর রহমান সরকারের আমলে গ্রাম উন্নয়নের ধারণা হিসেবে গৃহীত হয়।
ফাহিম মুমেন জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি জমির ওপর অংশিদারিত্বের ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট বরাদ্দসংক্রান্ত নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে। ৯৯ বছরের জন্য এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
বৈঠকে বৃহত্তর ঢাকার জন্য ২০ বছর মেয়াদী 'স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান' এর ধারণাপত্র বৈঠকে উপস্থাপন করা হয়। উপদেষ্টারা এর সঙ্গে একমত পোষন করেছেন।
এ ছাড়া ৫ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠক বরিশালে করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের আগের দিন উপদেষ্টারা 'সিডর' আক্রান্ত এলাকা পরিদর্শন করে রিপোর্ট বৈঠকে উপস্থাপন করবেন।
এর আগে রংপুরে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টা সেনেগালে অনুষ্ঠেয় ওআইসি সম্মেলনে অংশ নেবেন বলেও সিদ্ধান্ত হয়েছে
bdnews24