চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ফয়'স লেকের পাশে শনিবার রাতে এক হাজার বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতদের হচ্ছে, মোহাম্মদ আলী (৪৫) ও কাঞ্চন দাশ (৩৫)। তাদের সঙ্গে থাকা একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ইব্রাহীম খান জানান, আলী ও কাঞ্চন দীর্ঘদিন ধরে নগরীতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এ সব ফেন্সিডিল বিক্রি করার জন্য নগরীতে নিয়ে আসে। আটক প্রাইভেট কারের মালিক মোহাম্মদ আলী নিজেই।
অধিদপ্তরের মহানগর শাখার পরিদর্শক ইব্রাহীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফয়'স লেকের প্রধান ফটকের সামনের রাস্তায় শনিবার রাত দেড়টার দিকে প্রাইভেট কারটি আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
তিনি জানান, কাঞ্চন দাশ নগরীর বহদ্দারহাট খাজা রোডের মাদক চোরাচালান সিন্ডিকেটের হোতা। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তারকৃতদের খুলশী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24