২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ আহত ৫২

সাভার, ফরিদপুর, দিনাজপুর, চট্টগ্রাম, ঝিনাইদহ, বাগেরহাট ও ফেনীতে শুক্রবার রাত ও শনিবার সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সাভারে রাস্তা পার হওয়ার সময় একজন নিহত হন। ফরিদপুরে বাস খাদে পড়ে তিন জন, দিনাজপুরে বাস রিকশা ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে দুইজন, চট্টগ্রামে বাস ও অটোরিকশার ধাক্কায় দুইজন মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:21 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার, ফরিদপুর, দিনাজপুর, চট্টগ্রাম, ঝিনাইদহ, বাগেরহাট ও ফেনীতে শুক্রবার রাত ও শনিবার সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। সাভারে রাস্তা পার হওয়ার সময় একজন নিহত হন। ফরিদপুরে বাস খাদে পড়ে তিন জন, দিনাজপুরে বাস রিকশা ভ্যানকে চাপা দিয়ে খাদে পড়ে দুইজন, চট্টগ্রামে বাস ও অটোরিকশার ধাক্কায় দুইজন মারা যান। এছাড়া ঝিনাইদহে নসিমন উল্টে ও ট্রাকের ধাক্কায় দুইজন, বাগেরহাটে মাইক্রোবাস চাপায় একজন এবং ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আমাদের সাভার প্রতিনিধি জানান, নবীনগর-কালিয়াকৈর সড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় শনিবার রাস্তা পারাপারের সময় বাস চাপায় মারা গেছেন রুহুল আমিন (৩২) নামের একজন। তার কাছে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায় তিনি বগুড়া সেনানিবাসের ল্যান্স করপোরাল । কিন্তু সন্ধ্যায় তার স্ত্রী পারভীন আক্তার মেরিনা থানায় এসে বলেন, মেয়েঘটিত ব্যাপারে ২০০৭ সালের ফেব্র"য়ারি মাসে সেনাবাহিনী থেকে রুহুল আমিনের চাকরি চলে যায়। এরপর থেকেই তিনি বিভিন্ন স্থানে চাকরির খোঁজ করছিলেন। এদিকে সেনা সদস্যের মৃত্যুর সংবাদ পেয়ে আশুলিয়া থানায় এসেছেন কয়েকজন সেনা গোয়েন্দা (ডিজিএফআই) সদস্য। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছেন, রুহুল আমিনের কাছে পাওয়া পরিচয়পত্রটি এখনও কার্যকর আছে। তাই ব্যাপারটি খতিয়ে দেখতে হবে। পরিচয়পত্রের তার সৈনিক নম্বর- ১৮০৭০১০। আশুলিয়া থানার উপপরিদর্শক ফেরদৌস ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুর থেকে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ৭টার দিকে রুহুল আমিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রুহুল আমিন বগুড়ার গাবতলীর জয়ভোগা গ্রামের মইনুদ্দিনের ছেলে। তার শ্বশুর আবু বকর থানায় এসে লাশ সনাক্ত করেছেন। রুহুল আমিন দুই সন্তানের জনক। তিনি আরও জানান, বাসের চালক বজলুর রহমানকে (৩৫) স্থানীয় জনতা আটক করে থানায় দিয়েছে। তার বাড়ি নওগাঁর সাপাহার গ্রামে। স্ত্রী বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। ফরিদপুর প্রতিনিধি জানান, শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার তালমা মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের দু'জন হলেন দিলীপ দাস (৪৫) ও তহুর আলী (৩৫)। নিহত এক মহিলার (৫০) পরিচয় জানা যায়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ আলী জানান, বাসটি ঝিনাইদহের মহেশপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। আহতরা ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর শহরের কাছে ছোট ডেরা এলাকায় শনিবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- চিরিরবন্দরের সরকার পাড়া গ্রামের ভ্যান চালক এহসানুল (৩২) এবং সদরের শিবপুর গ্রামের মাইনুদ্দিন (৩৫)। আহতদের মধ্যে ১৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সাবিনা (৪৫), রেবেকা (১৮), মেহেরুন (১৮), সালাউদ্দিন (২৫), আব্দুর রাজ্জাক (২৭), নুর নবী (৭), নছিরন (৬০), জাহিদা (৩২), খালেদা (৩৫), মাহফুজা (৪০), সবির (৪৫), সেলিম (২২), আকবর আলী (২৮), মোস্তাফিজুর (৩৪), রব্বানী (২৫)। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাবর্তীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ছোট ডেরা এলাকায় শেখপুরা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বিপরীতমুখী দু'টি রিক্সা ভ্যানকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামের পটিয়া ও নগরীর পাহারড়তলী এলাকায় দু'টি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এরা হলেন- মোহাম্মদ জাবেদ (৮) ও জামাল হোসেন (৪৫)। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার খরনা এলাকায় শনিবার বিকেলে বাস চাপায় মোহাম্মদ জাবেদ মারা গেছে। জাবেদ উত্তর মুজাফ্ফরাবাদ এলাকার জানে আলমের ছেলে। সে খরনা ইসলামীয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বাস ও এর চালককে আটক করা যায়নি। এই ঘটনায় পটিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহির আহমেদ জানান, রাত শুক্রবার ১২টার দিকে পাহাড়তলী হাজি ক্যাম্প গেইটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা জামালকে ধাক্কা দেয়। গুরুতর আহত জামালকে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। জামাল সরাইপাড়া হাজি ক্যাম্পের রূপবান কলোনির বাসিন্দা। পুলিশ অটোরিকশাটি আটক করেছে। ঝিনাইদাহ প্রতিনিধি জানান, জিনাইদাহের মহেশপুর ও কোটচাঁদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন। এরা হলেন- সজিব (১২) ও রফিকুল ইসলাম (২৭)। মহেশপুর পুলিশ জানায়, উপজেলার ভালাইপুর হাইস্কুলের ছাত্র সজিব সকালে সাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে খালিসপুরে ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। যশোর হাসপাতালে ভর্তির পর বিকেলে সে মারা যায়। এদিকে বিকেলে কোটচাঁদপুরের তালসার বাজারে নসিমন উল্টে রফিকুল ইসলাম নিহত হন। সহকারি পুলিশ সুপার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালিশপুরে স্কুল ছাত্রকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। তবে দুর্ঘটনা কবলিত নসিমনটিকে পুলিশ আটক করেছে। বাগেরহাট প্রতিনিধি জানান, খুলনা-মংলা মহাসড়কের ভাগা জামে মসজিদের কাছে শুক্রবার রাতে মাইক্রোবাস চাপায় আব্দুস সালাম শেখ (৫২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রামপাল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, "খুলনা থেকে ছেড়ে আসা মংলাগামী একটি মাইক্রোবাস সাইকেল আরোহী সালাম শেখকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।" তিনি জানান, বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে। সালাম রামপাল সদরের ভাগা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। ফেনী প্রতিনিধি জানান, জেলার লেমুয়া ব্রিজ এলাকায় শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে দুইজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক লুৎফুর রহমান জানান, রাত ২টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাধন পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-০-১১-০৬০) লেমুয়া ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-৬৫৬১) ধাক্কা দেয়। এতে বাস চালকের সহকারী মো. দেলোয়ার হোসেন (২৫) ও বাসযাত্রী মোহাম্মদ উল্লাহ (২৫) নিহত হন। আহত হন ১২ বাসযাত্রী। নিহত দেলোয়ার হোসেন নোয়াখালী সদরের আতাইশপুর গ্রামের মো. রহিম উল্লাহর ছেলে। মোহাম্মদ উল্লাহ একই উপজেলার হুগলী গ্রামের সফিউল্লাহর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এমএসবি/২৩১৬ ঘ.