বাগেরহাট, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শুক্রাবাদে ব্র্যাক ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে শনিবার মংলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মংলা থানা পুলিশ এবং ঢাকা থেকে যাওয়া গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে মংলার মোর্শেদ রোডের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মংলা বন্দরের তালিকাভুক্ত শ্রমিক হানিফ সরদার (৩৫), তার স্ত্রী হাওয়া বেগম (২৫) এবং হানিফের বড় ভাই রুস্তম সরদার (৩৮)।
এদের বাড়ি বাগেরহাটের শরণখোলার পূর্ব খোন্তাকাটা গ্রামে।
অভিযানে নেতৃত্বদানকারী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, "ঢাকা থেকে হানিফের বাবা ফজলু সর্দারকে আটক ও জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য অনুযায়ী এদের গ্রেপ্তার করা হয়েছে।"
তিনি জানান, গ্রেপ্তাকৃতরা পারিবারিকভাবে অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত। ঢাকার কেরানীগঞ্জ ও বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে তাদের বাড়ি আছে। হানিফের ভাই রুস্তম মংলায় বসবাস করলেও ঢাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক নেছার উদ্দিন বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ ৫ জানুয়ারি ঢাকায় ব্র্যাক ব্যাংকে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।"
তিনি জানান, হানিফ পুলিশকে বলেছে সে ৭/৮ বছর আগে জীবিকার সন্ধানে বাগেরহাট থেকে ঢাকায় গিয়ে অটোরিকশা চালানোর কাজ শুরু করে। কিছুদিনের মধ্যে ঢাকার একটি সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে যোগ দেয়। ডাকাতির মাধ্যমে অল্পদিনের মধ্যে ঢাকার কেরানীগঞ্জে বাড়ি করে। গত প্রায় পাঁচ বছর আগে টাকার বিনিময়ে মংলা বন্দর কর্মচারী সংঘের ফোরম্যান হিসেবে বন্দর শ্রমিকের তালিকাভুক্ত হয়। ব্র্যাক ব্যাংকে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত তার কয়েকজন সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হলে হানিফ গত ১৪ ফেব্র"য়ারি স্ত্রী হাওয়াসহ মংলায় বড়ভাই রুস্তমের বাসায় আত্মগোপন করে।
গত ৫ জানুয়ারি রাতে ব্র্যাক ব্যাংকের শুক্রাবাদ শাখার ছাদ কেটে লকার ও ভল্ট ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে ডাকাতরা। ঘটনার দুদিন পর ৭ জানুয়ারি ঘটনা জানাজানি হয়। এই ঘটনায় মোহম্মদপুর থানায় দায়ের ডাকাতি মামলাটি এখন গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪১ ঘ.
bdnews24