কুমিল্লা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন ক্যাডেটদের প্রধান প্রতিশ্র"তি হল জনগণের ও দেশের সেবা করা। তাদেরকে দেশাত্মবোধ ও সঠিক শিক্ষা নিয়ে সততার সঙ্গে দেশের নেতৃত্বের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, আগামীতেও ক্যাডেটরা সমৃদ্ধ দেশ গড়তে এগিয়ে আসবেন। একটি সমৃদ্ধশালী দেশ গড়তে তাদের এগিয়ে আসতে হবে।
শনিবার কুমিল্লা ক্যাডেট কলেজের রজতজয়ন্তী এবং চতুর্থ পূনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সেনাপ্রধান এই কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মো. মোসলেহ উদ্দিন, প্রাক্তন ছাত্রদের সংগঠন 'একক' এর সাধারণ সম্পাদক ড. জহিরুল ইসলাম।
সেনাপ্রধান বলেন, দেশের ক্যাডেট কলেজগুলোতে আরও ২৪টি করে আসন বাড়ানো হবে।
জেনারেল মইন সকাল সাড়ে ১০টার দিকে ক্যাডেট কলেজ ক্যাম্পাসে পৌছার পর বর্তমান ও প্রাক্তন ছাত্ররা মার্চ পাষ্টের মাধ্যমে তাকে অভিবাদন জানান। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে রজতজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি ক্যাম্পাসে একটি আম গাছের চারা রোপণ এবং রজত জয়ন্তীর স্মারক ফলক উম্মোচন করেন এবং প্রকাশিত দেওয়ালিকা দেখেন।
কুমিল্লা ক্যাডেট কলেজের রজতজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার শনিবার ছিল তৃতীয় দিন। রোববার সমাপনী অনুষ্ঠান।
বিকেলে সেনাপ্রধান কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ্ ক্লাবে আরএকে সিরামিক্স (সিএএস) কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.
bdnews24