২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর কবিরহাটে তিন বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ২

কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের তিনটি বাড়িতে সন্ত্রাসীদের হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শুক্রবার রাতে সুমন ও অলি উল্যা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 10:11 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের তিনটি বাড়িতে সন্ত্রাসীদের হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শুক্রবার রাতে সুমন ও অলি উল্যা নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় বসু দেব বাদী হয়ে শুক্রবার রাতে তালিকাভুক্ত ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পর পুলিশ সুমন ও অলি উল্যাকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরশুরামপুর গ্রামে শুক্রবার সকালে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবারের অপ্রীতিকর ঘটনার জের ধরে লেমুয়া, পদুয়া ও ফলহারি গ্রামের দুই শতাধিক যুবক লাঠি-সোঁটা নিয়ে পশুরামপুর গ্রামের চিত্তহরণ ডাক্তার বাড়ি, মতোরি বাড়ি ও ননী ভট্টের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন ফারুক ও শিক্ষক দুলাল দত্ত ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, গত বুধবার পশুরামপুর গ্রামের একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় পাশের গ্রামের কয়েকজন যুবক তাদের উত্যক্ত করলে স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের বচসা হয়। তখন ওই যুবকরা হুমকি দিয়ে চলে যায়। এর পরদিন রাতে লেমুয়া গ্রামের কয়েকজন যুবক চিন্তাহরণ ডাক্তার বাড়িতে ফুল চুরি করতে এসে লোকজন দু'জনকে ধরে ফেলে। তবে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যস্থতায় তারা ছাড়া পায়। এ দু'জন হামলাকারীদের মধ্যে ছিল বলে গ্রামবাসী অভিযোগ করেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কাউসার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কবিরহাট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৩ ঘ.