ঢাকা, ফেব্র"য়ারি ১৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে 'সন্দেহজনক আচরণের' অভিযোগ তুলেছে মোমিনের পরিবার।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মোমিনের পরিবার এ অভিযোগ তোলে।
মোমিনের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, " মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফরমান আলী ওসি রফিকসহ অন্য আসামীদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত না করে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করছেন।"
তিনি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে তা মামলার আলামত হিসেবে ব্যবহারের দাবি জানান।
অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোমিনের পরিবার অভিযোগ করতেই পারে। তবে এ অভিযোগ ঠিক নয়। মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু মন্তব্য করা ঠিক হবে না।"
মোমিনের বাবা আব্দুর রাজ্জাক সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যা মামলার মূল আসামী ওসি রফিকসহ প্রকৃত খুনিদের বিরুদ্ধে সম্পুরক অভিযোগপত্র দেওয়ার অনুরোধ করেন।
'ওসি রফিকের সন্ত্রাসী বাহিনী' তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন মোমিনের ভাই সামছুল ইসলাম।" তিনি সরকারের কাছে তাদের পরিবারের নিরাপত্তা দাবি করেন।
সামছুল ইসলাম দাবি করেন, ওসি রফিক অবৈধভাবে আয় দিয়ে কয়েকটি বাড়ি করেছেন। ঢাকার উত্তর ইব্রাহীমপুুরে ১৫৪ নম্বর প্লটে দুইটি বাড়ি, গাজীপুরের নীলনগর কোনাবাড়ি এলাকায় ২৫৯ নম্বর দাগে একটি এবং শ্যামলী ও বনশ্রী প্রজেক্টেও রফিকের বাড়ি রয়েছে বলে দাবি করেন তিনি।
ধারণা করা হয়, মোমিনের পরিবারের সঙ্গে জমির সীমানা সংক্রান্ত বিবাদের জের ধরেই ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর উত্তর ইব্রাহীমপুুরের বাসিন্দা মোমিন খুন হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এসকে/২১১৪ঘ.
bdnews24