২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুমুর আলীর বেদনাহত দেশে ফেরা

অনেক দিন ধরে যে দিনটির প্রতীক্ষায় প্রহর গুনছিলেন ঝুমুর আলী সে দিনটি এখন ভুলতেই চাইছেন তিনি। কথা ছিল, শুক্রবার কুয়েত থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা হবে। কিন্তু সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তান হারিয়ে এখন ঝুমুর আলীর দেশে ফেরা আনন্দের বদলে নিদারুণ বেদনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

মেহেরপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন ধরে যে দিনটির প্রতীক্ষায় প্রহর গুনছিলেন ঝুমুর আলী সে দিনটি এখন ভুলতেই চাইছেন তিনি। কথা ছিল, শুক্রবার কুয়েত থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা হবে। কিন্তু সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তান হারিয়ে এখন ঝুমুর আলীর দেশে ফেরা আনন্দের বদলে নিদারুণ বেদনার। ঝুমুর আলীর পরিবারের এ ট্রাজেডিতে এখন মুহ্যমান মেহেরপুর পৌরসভার দীঘিরপাড়ার মাঝপাড়া গ্রামের সবাই। শুক্রবার সেখানে গেলে অনেককেই চোখের জল ফেলতে দেখা যায়। দুপুরে লাশ নিয়ে এলে ঝুমুর আলীর বাড়িতে ছুটে আসেন সবাই। "এত খেলনা, এত শাড়ি-গহনা নিয়ে এলাম- এখন আমি এসব দিয়ে কী করব"- ঝুমুর আলীর এ আর্তনাদে ভারী এখন গ্রামের বাতাস। প্রতিবেশী ফকির মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জায়গা-জমি বিক্রি করে ঝুমুর আলী পাঁচ বছর আগে কুয়েত যায়। এর পাঁচ বছর আগে তার সঙ্গে বিয়ে হয় গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মমতাজের। শুক্রবার ঝুমুর আলী দেশে ফিরলে তাকে অভ্যর্থনা জানাতে একদিন আগেই সন্তান ও ভাইকে নিয়ে ঢাকায় রওনা হন মমতাজ বেগম। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে দৌলতদিয়া ফেরিঘাটে মাইক্রোবাস নদীতে পড়ে মারা যায় তারা। ঝুমুর আলীর বাড়ি গিয়ে দেখা যায়, স্বামী দীর্ঘদিন পর বাড়ি ফিরবে বলে ঘর-দোর সাজিয়ে রেখেছিলেন মমতাজ। প্রতিবেশীরা জানায়, মমতাজের ইচ্ছা ছিল- এবার স্বামী বাড়ি ফিরলে টিনের ঘর ভেঙ্গে দালান তুলবেন। কিন্তু তার সে সাধ আর মিটলো না। এবার কুয়েত ফেরার সময় শ্যালক লাল্টুকেও ঝুমুর আলীর নিয়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝুমুর আলীকে আনতে মাইক্রোবাসটি ঢাকার পথে রওনা হয়। এতে ছিলেন ঝুমুর আলীর স্ত্রী মমতাজ, শিশুপুত্র নয়ন, ভাই পিন্টু, বোন স্বপ্না, দুলাভাই জিল্লুর রহমান (অপর বোনের স্বামী), ভাগ্নে এমরান (জিল্লুরের ছেলে), শ্যালক লাল্টু ও শ্যালিকা টগর। পিন্টু জানান, মাইক্রোবাসটি রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে পৌঁছলে তিনি, জিল্লুর রহমান ও এমরান গাড়ি থেকে নেমে আসেন। বাকিরা গাড়িতেই ছিল। গাড়িটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে পানিতে পড়ে যায়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান জানান, রাত পৌনে দুইটার দিকে দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাটে ওই দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরীরা এসে মমতাজ, নয়ন, স্বপ্না, লাল্টু ও টগরের লাশ উদ্ধার করে। ঝুমুর আলীর ছেলে নয়ন মেহেরপুরের একটি কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়তো। বোন স্বপ্না ছিল মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। শ্যালিকা টগরের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেও একই বিদ্যালয়ের ছাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩২ ঘ.