মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রাহক কমায় এবং বেসরকারি ফিক্সড লাইন টেলিফোন অপারেটরদের (পিএসটিএন) সঙ্গে প্রতিযোগিতার মুখে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) টেলিফোনের কলরেট আরেক দফা কমানোর কথা ভাবছে সরকার।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) হিসাব অনুযায়ী, ২০০৭ সালে বেসরকারি ফিক্সড লাইন টেলিফোন অপারেটরদের গ্রাহক সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। অন্যদিকে বিটিটিবির গ্রাহক কমেছে প্রায় ৫ হাজার।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. ইকবাল মাহমুদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"প্রতিযোগিতার মুখে টিকে থাকতে বিটিটিবির রাজস্ব ও দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। কলরেট কমানোর কথাও ভাবা হচ্ছে। এছাড়া মফস্বলের গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজ আনা হবে।"
এর আগে গত বছর বিটিটিবি তাদের কলরেট কমিয়ে ১ নভেম্বর থেকে নতুন কলরেট কার্যকর করে। সেই হিসাবে এনডব্লিউডি কলের জন্য প্রতি মিনিটের চার্জ রাখা হয় দেড় টাকা। আর স্থানীয় (লোকাল) কলের ক্ষেত্রে প্রতি ইউনিটের চার্জ দেড় টাকা।
ঢাকা ও চট্টগ্রামে পিক আওয়ারে প্রতি ৫ মিনিট ও অফ পিক আওয়ারে প্রতি ৮ মিনিটে এক ইউনিট ধরা করা হয়। দেশের বাকি জেলাগুলোতে পিক আওয়ারে ৭ মিনিট ও অফ পিক আাওয়ারে ১০ মিনিটে ইউনিট হিসাব করা হয়।
বিটিআরসির হিসাবে, ২০০৬ এর ডিসেম্বরে দেশে ফিক্সড লাইন টেলিফোন বা ল্যান্ডফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ১০ লাখ ১৮ হাজার। ২০০৭ এর ডিসেম্বরে তা বেড়ে হয় ১১ লাখ ৮৭ হাজার।
এই সময়ে বিটিটিবির গ্রাহক সংখ্যা ৮ লাখ ৭৭ হাজার থেকে কমে ৮ লাখ ৭২ হাজার হয়েছে। আর বেসরকারি খাতের ১২টি ফিক্সড লাইন টেলিফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১ লাখ ৪১ হাজার থেকে বেড়ে হয়েছে ৩ লাখ ১৫ হাজার।
এই হিসেবে গত এক বছরে সরকারি খাতের ল্যান্ডফোন ব্যবহারকারীর সংখ্যা পাঁচ হাজার কমলেও বেসরকারি খাতে গ্রাহক বেড়েছে ১২২ শতাংশ।
বেসরকারি অপারেটরদের মধ্যে র্যাংকস টেলের গ্রাহক বেড়েছে সবচেয়ে বেশি। ৪৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার। এছাড়া ঢাকা ফোনের ২৪ হাজার, টেলিবার্তার ১৬ হাজার ও পিপলস টেল এর ২৩ হাজার করে গ্রাহক বেড়েছে।
২০০৪ সালে সরকার বেসরকারি ল্যান্ড ফোন অপারেটরদের অঞ্চলভিত্তিক লাইসেন্স দেয়। ২০০৭ সালের সেপ্টেম্বরে পাঁচটি প্রতিষ্ঠানকে ঢাকায় ল্যান্ড ফোন বিপণনের অনুমতি দেয়া হয়।
এরপর থেকে গ্রাহকরা বেসরকারি অপারেটরদের দিকে ঝুঁকতে শুরু করে।
র্যাংকস টেল এর হেড অব অপারেশনস মাশরুর ওয়ায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সেবার কারণেই গ্রাহক বাড়ছে।"
বিটিটিবির গ্রাহক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিটিটিবির ফোন নিয়ে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। স্থানান্তরের ক্ষেত্রে সমস্যা হয়, বিল নিয়েও ঝামেলা পোহাতে হয়। এ কারণে তিনি বিটিটিবির ফোন বাদ দিয়ে বেসরকারি কোনো অপারেটরের ফোন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১১০৪ ঘ.
bdnews24