২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরাকীর্তি ফিরিয়ে আনার ব্যয় যৌথভাবে মেটাবে বাংলাদেশ ও ফ্রান্স

প্যরিসের গিমে জাদুঘরে পাঠানো ৪২টি পুরাকীর্তি ফিরিয়ে আনার ব্যয় যৌথভাবে বাংলাদেশ ও ফ্রান্স বহন করবে। এজন্য বাংলাদেশের খরচ হবে ১২ থেকে ১৫ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যরিসের গিমে জাদুঘরে পাঠানো ৪২টি পুরাকীর্তি ফিরিয়ে আনার ব্যয় যৌথভাবে বাংলাদেশ ও ফ্রান্স বহন করবে। এজন্য বাংলাদেশের খরচ হবে ১২ থেকে ১৫ লাখ টাকা। বৃহস্পতিবার সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, "বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ ব্যয়ে এসব সম্পদ ফিরিয়ে আনা হচ্ছে। এতে বাংলাদেশের ১২ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হবে।" রাশেদা কে চৌধুরী জানান, আসল পুরাকীর্তিগুলো ফিরিয়ে আনতে বাংলাদেশের তিনজন প্রতিনিধি এখন ফ্রান্সে রয়েছেন। দু'একদিনের মধ্যে আরও একজন সেখানে যাবেন। তাদের উপস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা করেই এসব পুরাকীর্তি প্যাকেট করা হবে। উপদেষ্টা বলেন, "বাংলাদেশী পুরাকীর্তিগুলো ২৩ ফেব্র"য়ারি ভোরে দেশে আনা হচ্ছে। এয়ার ফ্রান্সের সরাসরি একটি ফ্লাইট ২২ ফেব্র"য়ারি পুরাকীর্তিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।" এয়ার ফ্রান্সসহ ইউরোপের বিমান সংস্থাগুলো প্রথমে পুরাকীর্তিগুলো বহনে রাজি না হলেও কূটনৈতিক তৎপরতায় বিষয়টির সমাধান হয় বলে জানান রাশেদা কে চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিমানবন্দর থেকে পুরাকীর্তি খোয়া যাওয়ার ঘটনা তদন্তে কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। তবে অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে। গাঙ্গেয় অবাহিকার পুরাকীর্তি প্রদর্শনীর জন্য গত বছর বাংলাদেশ সরকারের সঙ্গে গিমে জাদুঘরের চুক্তি হয়। সে অনুসারে মোট ১৮৭টি পুরাকীর্তি ফ্রান্সে পাঠানোর কথা ছিল। গত ৩০ নভেম্বর প্রথম চালানে ৪২টি পুরাকীর্তি ফ্রান্সে পাঠানো হয়। বাকি ১৪৫টি পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি বিষ্ণমূর্তি খোয়া যায়। এর পর চালানটি পাঠানো স্থগিত করে সরকার। বাতিল করা হয় প্রদর্শনীটি। পুরাকীর্তি খোয়া যাওয়ার দায় নিয়ে পদত্যাগ করেন সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরী। ৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত গিমে জাদুঘরে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসএনডি/২০০২ ঘ.