ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনাকে দেয়া দুর্নীতি দমন কমিশনের নোটিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সরকারের করা আপিলের শুনানি আগামী ৯ মার্চ পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।
হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক সময় চেয়ে আবেদন করায় প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
সরকারের আপিলের ওপর তৃতীয় দিনের শুনানিতে বৃহস্পতিবার কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, কমিশন আইন ও বিধি অনুযায়ী শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে। এক্ষেত্রে আইনের কোনো বিধান লঙ্ঘন করা হয়নি। কারো বিরুদ্ধে মামলা করার পরই তদন্ত হয়, আগে নয়। কাজেই কমিশনের নোটিশ অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় যথাযথ হয়নি।
শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, কমিশন আইনে বলা হয়েছে, সম্পত্তির হিসাব চেয়ে কারো বিরুদ্ধে নোটিশ দেওয়ার আগে তদন্ত করতে হবে। তদন্তের পর অভিযোগ সম্পর্কে সন্তষ্ট হলেই নোটিশ দিতে পারে কমিশন, এর আগে নয়।
গতবছর ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন।
ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ৫ আগস্ট শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেন। ৭ আগস্ট হাইকোর্ট ওই নোটিশের কার্যকরিতা স্থগিত ঘোষণা করে এবং নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না কমিশনের কাছে তার কারণ জানতে চায়। ২১ নভেম্বর হাইকোর্ট কমিশনের ওই নোটিশ অবৈধ ঘোষণা করে।
কমিশন হাইকোর্টের দেয়ার রায়ের বিরুদ্ধে ২৫ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করে। ৩ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে দেয়।
১০ জানুয়ারি আপিল বিভাগ কমিশনের আপিল আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে। তবে শুনানি চলাকালে শেখ হাসিনার বিরুদ্ধে এই নোটিশের ভিত্তিতে কোনো আইনি ব্যবস্থা না নিতে কমিশনকে নির্দেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭০০ ঘ.
bdnews24