ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৮০ শতাংশ কাজ বন্ধ রয়েছে বলে দাবি করেছে ঠিকাদারদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন এন্ড ইন্ড্রাস্ট্রিজ (বিএসিআই)।
তারা অভিযোগ করেছেন, নির্মাণ খরচের দাম বাড়ার অনুপাতে সরকার নির্মাণ ব্যয় বাড়াচ্ছে না। এ কারণে অধিকাংশ ঠিকাদার অর্থের অভাবে নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
সংগঠনটির আট প্রতিনিধি বুধবার বিকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সংগঠনের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, তারা সরকারের কাছে এ ব্যাপারে ক্ষতিপূরণ দাবি করেছেন।
বিএসিআই প্রতিনিধিদের এ দাবির ব্যাপারে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের কিছু বলেননি।
আমিনুল ইসলাম বলেন, "দু-তিন মাস আগে রডের দাম টনে ৪০ হাজার টাকা থাকলেও এখন তা বেড়ে হয়েছে ৬৫ হাজার টাকা। ২৬ হাজার টাকার প্রতি টন বিটুমিন এখন বিক্রি হচ্ছে ৩৩ হাজার টাকায়। প্রায় সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারের উন্নয়ন কর্মসূচির প্রায় ৮০ ভাগ কাজ বন্ধ হয়ে গেছে।"
এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার খুবই হতাশাজনক হবে বলে মন্তব্য করেন তিনি।
আমিনুল ইসলাম বলেন, "নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় সরকারের এডিপিভুক্ত বিভিন্ন প্রকল্পের নির্মাণ খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু সরকার সে অনুপাতে নির্মাণ ব্যয় বাড়াচ্ছে না। এ কারণে অধিকাংশ ঠিকাদার অর্থের অভাবে প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।"
তিনি বলেন, সরকারি ক্রয় নীতিমালায় নির্মাণ সামগ্রীর দাম বাড়লে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যে সব কাজ দেওয়া হয় সেক্ষেত্রেও দাম সমন্বয়ের নিয়ম আছে। এ পরিস্থিতিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করে বন্ধ থাকা উন্নয়ন কাজ চালু করতে সরকারের সহযোগিতা চান তিনি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপি লক্ষ্যমাত্রার মাত্র ২১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এডিপি বাস্তবায়নের এই মন্থর গতির জন্য সরকারিভাবে যেসব কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির বিষয়টিও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24