ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় জেলার প্রশাসকসহ (ডিসি) প্রশাসনের বেশকিছু পদে রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ দেয়।
জেলা প্রশাসকদের মধ্যে দুজনকে অন্য জেলায় বদলি এবং চার জেলায় নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম খলিলকে রাজশাহীতে এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক এ এম এ রহমানকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।
এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিমের একান্ত সচিব এস এম আশফাক হুসেইনকে গোপালগঞ্জে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ নবিউল হক মোল্লাকে দিনাজপুরে, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আলীকে সিরাজগঞ্জে ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা আবু মুহম্মদ ইউসুফকে গাইবান্ধায় জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ফয়জুল কবিরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, গাইবান্ধার জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হাকিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, রাজশাহীর জেলা প্রশাসক খলিলুর রহমানকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে ও দিনাজপুরের জেলা প্রশাসক এ এম সাইফুল হাসানকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক করা হয়েছে।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব শফিউর রহমানকে বিনিয়োগ বোর্ডের সদস্য, চা বোর্ডের সদস্য এ টি এম মুর্তজা রেজা চৌধুরীকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পিউস কস্তাকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব এরশাদ হোসেনকে চা-বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল বারীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হুমায়ুন কবির খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক হিসেবে কর্মরত উপ-সচিব মো. আলাউদ্দিনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২০৩৫ ঘ.
bdnews24