২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় চোরাচালানিদের হাতে র‌্যাব সদস্য অপহৃত, পরে মুক্ত

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় এক র‌্যাব সদস্যকে বুধবার সকালে অপহরণ করে ভারতের চোরাচালানিরা। পরে বিডিআর ও বিএসএফের মধ্যস্থতায় বিকালে তাকে মুক্ত করা হয়। অপহৃতের নাম হাবিলদার মোহাম্মদ জয়নাল আবেদীন। সকাল ১১টার দিকে রেল স্টেশনের কাছে সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীনকে অপহরণ করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

দিনাজপুর, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় এক র‌্যাব সদস্যকে বুধবার সকালে অপহরণ করে ভারতের চোরাচালানিরা। পরে বিডিআর ও বিএসএফের মধ্যস্থতায় বিকালে তাকে মুক্ত করা হয়। অপহৃতের নাম হাবিলদার মোহাম্মদ জয়নাল আবেদীন। সকাল ১১টার দিকে রেল স্টেশনের কাছে সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীনকে অপহরণ করা হয় বলে র‌্যাব কর্মকর্তারা জানান। জয়নালকে সীমান্তের ওপারে বিএসএফ তাদের হেফাজতে নিয়ে নেয় বলে র‌্যাব কর্মকর্তারা খবর পান। র‌্যাব বিষয়টি বিডিআরকে জানালে তারা এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবীর টেলিফোনে এ বিষয় নিয়ে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ জয়নালকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেয়। কর্নেল রেজাউল কবীর জানান, বিকাল ৪টা ২০ মিনিটে হিলির জিরো পয়েন্টে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে জয়নাল আবেদীনকে বিডিআরের হাতে তুলে দেওয়া হয়। বিডিআরের পক্ষে জয়নালকে গ্রহণ করেন ২৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এক র‌্যাব কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টায় জয়নাল আবেদীন হিলি রেল স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটিতে রুটিন চেকিংয়ের দায়িত্ব পালন করছিল। ওই সময় ভারতীয় চোরাচালানিদের ধাওয়া করতে করতে তিনি সীমানা পিলারের কাছে গেলে চোরাচালানিরা তাকে ধরে সীমান্তের ওপারে নিয়ে যায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে র‌্যাবের মহাপরিচালক খোন্দকার হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণের কোনও ঘটনা ঘটেনি। চোরাচালানিদের অনুসরণ করতে গিয়ে জয়নাল আবেদীন ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়লে বিএসএফ তাকে চ্যালেঞ্জ করে। তখন তিনি তার পরিচয় প্রকাশ করলে বিএসএফ তাকে বিডিআরের হাতে তুলে দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১২ ঘ.