পঞ্চগড়, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছে।
নিহতরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়নের পেদিভিটা গ্রামের জয়নাল মেম্বার (৫৫) ও মোহাম্মদ জাহাঙ্গীর (২৮)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাইবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে বাংলাবান্ধা সীমান্তের ৭৩৩ নং মেইন পিলারের ৪ নং সাব পিলার সংলগ্ন ভারতীয় এলাকায় জয়নাল ও জাহাঙ্গীরকে দেখতে পেয়ে ভারতের নারায়ণজোত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা পথ ভুল করে ভারতীয় সীমান্ডে ঢুকে পড়েছিল বলে ইউপি চেয়ারম্যান জানান।
খবর পেয়ে বিডিআর কর্তৃপক্ষ বুধবার সকালে ঘটনার বিস্তারিত জানতে ও লাশ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে।
২৫ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ ফরিদ সাংবাদিকদের বলেছেন, লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, যে কোনও পরিস্থিতি মোকাবেলায় বিডিআর সতর্ক রয়েছে।
বিডিআরের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।
নিহত জয়নাল বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫৬ ঘ.
bdnews24