চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মুরাদপুর এলাকার একটি আবাসিক ভবন থেকে মঙ্গলবার সন্ধ্যায় বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কালাঘাটা এলাকার বাসিন্দা। উদ্ধার করা সরঞ্জামের দাম আনুমানিক ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর জলিল বিল্ডিং গলির আফসার উদ্দিন চৌধুরীর মালিকানাধীন সাততলা ভবনে অভিযান চালানো হয়। ভবনের তৃতীয় তলায় আবুল হাশেম নামের এক ভাড়াটিয়ার বাসা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার করা সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি কোয়েন্টাম, ৬০টি টেলুলার সেট, ১১টি মডেম, চারটি আইপিএস ও ১২ বস্তা বিভিন্ন প্রকার তার।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান শরীফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24