২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যাব মহাসচিব জাহিদ হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় মঙ্গলবার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী বৃহস্পতিবার পরোয়ানা তামিল প্রতিবেদন আদালতে উপস্থাপনের জন্য পুলিশকে নির্দেশ দেন। ডা. জাহিদের পাশাপাশি তার স্ত্রী রিফাত হোসেন ও তাদের কৌঁসুলি মোজাহিদুল ইসলামের বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নাসিরউদ্দিন আহমেদ গত বছরের ৩ অক্টোবর জাহিদ হোসেন, তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন। গত ৭ ফেব্র"য়ারি আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে জাহিদ দম্পতির পাশাপাশি সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ায় সহযোগিতা করার অভিযোগে আইনজীবী মোজাহেদুল ইসলামকেও আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কমিশনে ডা. জাহিদ হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ১৪ লাখ টাকার সম্পদের হিসাব গোপন করা হয়। এছাড়া তিনি এক কোটি ৬০ লাখ ৯১ হাজার ২৩৭ টাকার সম্পত্তি অবৈধভাবে উপার্জন করেছেন। এতে সহায়তা করেছেন তার স্ত্রী রিফাত হোসেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব জাহিদ হাসান জরুরি অবস্থা জারির পর থেকেই পলাতক রয়েছেন। সন্দেহভাজন 'দুর্নীতিবাজদের' যে দ্বিতীয় তালিকা দুর্নীতি দমন কমিশন প্রকাশ করেছিল, তাতে জাহিদ হোসেনের নাম রয়েছে। তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে চিকিৎসা খাতে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমআই/১৭১৯ ঘ.