২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে চাঁদাবাজির অভিযোগে চার বনকর্মী বরখাস্ত

সুন্দরবনে বৈধ পারমিট নিয়ে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের শেলার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম কবীর উদ্দিনসহ চার বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বৈধ পারমিট নিয়ে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুন্দরবন পূর্ব বিভাগের শেলার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম কবীর উদ্দিনসহ চার বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ। বখাস্তকৃত অপর তিন বনকর্মী হচ্ছে, ফরেস্ট গার্ড মোহাম্মদ মুসা, নৌকাচালক আমির হোসেন ও মোস্তফা। উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল ইসলাম জানান, বন বিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে আসা ১৫ জন জেলের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে চার বনকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তাদের বন বিভাগে সোপর্দ করা হয়। কোস্টগার্ডকে লিখিত অভিযোগে জেলেরা জানায়, বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম কবীর উদ্দিনসহ কতিপয় বনকর্মী তাদের মাছ ধরতে না দেয়ার হুমকি দিয়ে ১৭ হাজার ৪০০ টাকা চাঁদা আদায় করেছে। ওই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে কোস্টগার্ড গত ৮ ফেব্র"য়ারি চার বনকর্মীকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং টাকা ফেরৎ দেয় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল ইসলাম। কোস্টগার্ডের লিখিত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ সোমবার সাময়িক বরখাস্ত করার আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৬ ঘ.