২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের হয়রানির বিরুদ্ধে জেহাদ করা উচিত: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, "পুলিশ সম্পর্কে জনগণের ধারণা নেতিবাচক। অতীতে কেউ না কেউ কোন না কোন ভাবে পুলিশি হয়রানির শিকার হয়েছেন। পুলিশের হয়রানির বিরুদ্ধে জেহাদ করা উচিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, "পুলিশ সম্পর্কে জনগণের ধারণা নেতিবাচক। অতীতে কেউ না কেউ কোন না কোন ভাবে পুলিশি হয়রানির শিকার হয়েছেন। পুলিশের হয়রানির বিরুদ্ধে জেহাদ করা উচিত।" সোমবার বিকেলে জেলার টাউনহল মাঠে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সমাবেশ ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আইজিপি নূর মোহাম্মদ বলেন, "ওয়ান ইলেভেনের পর চারদিকে পরিবর্তনের হাওয়া লেগেছে। সুযোগ পেয়েছি ঘুরে দাঁড়ানোর। এখন পুলিশকে জনগণের সেবক হিসেবে আবির্ভূত হতে হবে। মানুষের ভোগান্তি ও হয়রানি বন্ধ করতে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে।" পুলিশের কাজকে আরও স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। আইজিপি বলেন, "আমাদের বিবেক-মূল্যবোধ নষ্ট হয়ে গেছে। ভাল-মন্দ থাকবেই। তবে ভালটা বেশি থাকুক। এটাই চাই। আমরা এখন পুলিশের অমানবিক কর্মকাণ্ডের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।" তিনি বলেন, ৩৮৫ ধারায় চাঁদাবাজির মামলা বেড়ে গেছে। পিতা পুত্রের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করছে। এসব মামলা পুলিশকে ভালোভাবে তদন্ত করতে হবে। তদন্তের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ওই পুলিশের চাকরি যাবে। তিনি জেলে যাবেন। কোনো ব্যক্তির জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না। দাঙ্গা হওয়ার আগেই পুলিশকে জানতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। অপরাধীর বিরুদ্ধে 'টাফ অ্যাকশনের' কোনো বিকল্প নেই। এর আগে সকালে জেলা পরিষদের ভাষা শহীদ জব্বার মিলনায়তনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইজিপি। মতবিনিময় সভায় নূর মোহাম্মদ বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো করা, ছোট-খাটো মামলা-মোকদ্দমার নিষ্পত্তি ও মামলার সংখ্যা কমানো, মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার পরিবেশ সৃষ্টি করাই কমিউনিটি পুলিশিং কমিটির কাজ। এতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না। যদি কেউ নিজেকে বির্তকিত মনে করেন তাহলে কমিটিতে আসবেন না। মত বিনিময়ের সময় আইজিপি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দু'টি সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার রফিকুল ইসলাম। সুধি সমাবেশে আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিসহ প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। টাউন হল মাঠে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আমির উদ্দিন, জেলা প্রশাসক শামসুল আলম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আমীর আহমেদ চৌধুরী রতনসহ সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। সভায় জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার সদস্য অংশ নেন। সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/