রাঙামাটি, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অপহৃত বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক কর্মকর্তা রোববার রাতে ছাড়া পেয়েছেন। সেনাবাহিনী উপজেলার কয়েকটি এলাকা ঘিরে রেখে স্থানীয়দের চাপ দিলে অপহরণের পাঁচদিন পর ব্র্যাক কর্মকর্তা হেমন্ত কান্তি চাকমাকে ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পাওয়ার পর হেমন্ত চাকমা সোমবার সকালে ব্র্যাকের রাঙামাটি কার্যালয়ে এসে পৌঁছান। পরে ব্র্যাক কর্মকর্তারা তাকে ঘাগড়া জোন সদরে নিয়ে যান। সেখানে সেনা কর্মকর্তাদের কাছে অপহরণের ঘটনা জানান তিনি।
হেমন্ত চাকমা কাউখালীতে সাংবাদিকদের জানান, নিরাপত্তার কথা ভেবে অপহরণের বিষয়টি কাউকে জানানো হয়নি।
এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবশীষ চৌধুরী, ব্র্যাকের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক তপন কুমার আচার্য্য, রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশরাফ আলী উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা, সেনা এবং উপস্থিত ব্র্যাক কর্মকর্তারা জানান, কাউখালী উপজেলার ঘাগড়া জোনের সেনা সদস্যরা গত কয়েকদিন ধরে উপজেলার পানছড়ি, চেলাছড়া, লেবারপাড়া এলাকাসহ আশপাশের এলাকা ঘিরে রাখে। তারা হেমন্ত চাকমার অপহরণকারীদের ব্যাপারে তথ্য দিতে স্থানীয়দের চাপ দেয়। চাপের মুখে রোববার রাতে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।
৬ ফেব্র"য়ারি কাউখালী উপজেলার কুতুবছড়িতে ব্র্যাক পরিচালিত স্কুল পরিদর্শন করে ফেরার পথে ব্র্যাক কাউখালী কার্যালয়ের শিক্ষা বিভাগের ম্যানেজার হেমন্ত কান্তি চাকমা অপহৃত হন।
পরে অপহরণকারীরা কাউখালী ফটিকছড়ি ইউনিয়নের ডলু পাড়ায় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। উপজেলা সদরে শনিবার সকালে অপহরণের ঘটনা জানাজানি হলে সেনাবাহিনী ব্র্যাক কর্মীদের নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে সেনাবাহিনীর একটি দল অপহরণস্থল পরিদর্শন করেন।
ব্র্যাক রাঙামাটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশরাফ আলী অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছিলেন তারা শুক্রবার খবরটি পেয়েছেন। হেমন্ত কান্তি চাকমার পরিবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। সেজন্য তাদের কিছুই জানায়নি।
ঘটনার চারদিন পর শনিবার রাতে ব্র্যাকের শিক্ষা বিষয়ক কর্মকর্তা শান্তি বিকাশ চাকমা অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দায়ী করে কাউখালী থানায় মামলা (নম্বর-০৪) অপহরণ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৮ ঘ.
bdnews24