ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মালেক বলেছেন, কৃষকদের সার, বীজ ও সেচের জন্য বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "সার সরবরাহে কোন রকম অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এম এ মালেক একথা বলেন।
তিনি বলেন, বন্যা ও সিডরে ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে চলতি বোরো মওসুমে বেশি ফলন নিশ্চিত করতে ও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার নিরলস চেষ্টা করে যাচ্ছে।
বিশেষ সহকারী বলেন, "রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোন সংশয়ের অবকাশ নেই।"
জেলা প্রশাসক আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা বক্তৃতা করেন।
পরে তিনি জেলা সমাজসেবা কার্যালয়ে ডাক, টেলিফোন এবং সমাজ সেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এ ছাড়া প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং সরকারী শিশু পরিবার পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৪০ ঘ.
bdnews24