২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী বিদ্যুতের নতুন সংযোগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে

গ্রামাঞ্চলে গৃহস্থালী ও ব্যবসায়িক খাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নিষেধাজ্ঞা এপ্রিল থেকে তুলে নিচ্ছে সরকার। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শর্ত পূরণ করলে ওই সময় থেকে নতুন সংযোগ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনার্জি প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গ্রামাঞ্চলে গৃহস্থালী ও ব্যবসায়িক খাতে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নিষেধাজ্ঞা এপ্রিল থেকে তুলে নিচ্ছে সরকার। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শর্ত পূরণ করলে ওই সময় থেকে নতুন সংযোগ দেওয়া হবে। বিদ্যুৎ বিভাগের সচিব ড.এম ফাওজুল কবীর খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরো মওসুম শেষে ১ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। এর পর থেকে নতুন সংযোগ দেওয়া শুরু হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আয়-ব্যয় অনুপাতের শর্ত পূরণ করে এবং সাবস্টেশন ক্ষমতা বিবেচনা করে গৃহস্থালী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দু'ক্ষেত্রেই নতুন সংযোগ দেওয়া হবে। বিগত কয়েক বছর রাজনৈতিক বিবেচনায় ব্যাপকহারে সংযোগ প্রদান করা হয়েছে। আয়-ব্যয় অনুপাতের শর্ত পূরণ করে না এমন অনেকস্থানেও সংযোগ দেয়া হয়েছে। এছাড়া অনেক এলাকায় খুঁটিও স্থাপন করা হয়েছিল। এসব কারণে আরইবির নতুন সংযোগ প্রদানে সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির উন্নতি এবং চলতি বছর প্রায় ১০০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা থাকার কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের হিসাব অনুসারে ২০০৭ সালে আগের বছরের তুলনায় নতুন বিতরণ লাইন স্থাপন ও সংযোগের পরিমাণ ও সংখ্যা কম ছিল। ২০০৬ সালে ১২ হাজার ৮৬১ কিলোমিটার নতুন বিতরণ লাইন স্থাপন করা হয়। ২০০৭ সালের এর পরিমাণ ছিল মাত্র ৩ হাজার ৪৪৭ কিলোমিটার। ২০০৬ সালে সারা দেশে নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হয় ৮ লাখ ৪৭ হাজার ১টি। ২০০৭ সালে কমে তা দাঁড়ায় ৭ লাখ ২৮ হাজার ৭৪৭টিতে। এ সময়ে পল্লী বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও নতুন সংযোগ প্রদানে 'ধীরে চলো' নীতি অনুসরণ করেছে। আরইবি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের গ্রীষ্মে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেলে আরইবির আওতায় সব ধরনের নতুন সংযোগ প্রদান বন্ধ রাখা হয়। পরে পর্যায়ক্রমে কৃষি, পোলট্রি ও রপ্তানিমুখী খাতে সংযোগ দেওয়া শুরু করলেও গৃহস্থালী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংযোগ প্রদান বন্ধ ছিল। আরইবির হিসাব অনুসারে বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৭০ লাখ। এর মধ্যে গৃহস্থালী সংযোগই ৬০ লাখ। বাণিজ্যিক সংযোগ রয়েছে ৫ লাখ। এছাড়া কৃষিতে ২ লাখ ও শিল্প প্রতিষ্ঠানে ২ লাখ সংযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরইবির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহস্থালী সংযোগ প্রদান বন্ধ রাখার কারণে মাঠ পর্যায়ে গ্রাহকদের মধ্যে হতাশা ছিল। অনেক এলাকায় নতুন বিতরণ লাইন স্থাপন করেও সংযোগ দেওয়া হয়নি। নতুন করে সংযোগ দেওয়া শুরু হলে এ হতাশা কেটে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৫৮ঘ.