কুষ্টিয়া, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে শনিবার সকালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) নেতা আকবর মণ্ডল।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নওদাপাড়া গ্রামের পাহাড়পুর মাঠের একটি ভুট্টা ক্ষেতে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা ভুট্টা ক্ষেতের ভেতর থেকে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আকবর। ওই সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি কামরুজ্জামান জানান।
পুলিশ জানায়, জনযুদ্ধের আঞ্চলিক নেতা আকবরের বিরুদ্ধে এক ডজন হত্যাসহ ২০টি মামলা রয়েছে।
নিহত আকবর নওদাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৯ ঘ.
bdnews24