২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল রিফর্মস কমিশন গঠনের প্রস্তাব ব্যারিস্টার আমীরের

বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে 'জুডিশিয়াল রিফর্মস কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম। শনিবার এক সেমিনারে তিনি বলেছেন, "বিতর্কিত ও অযোগ্য বিচারপতিদের অপসারণে জরুরি ভিত্তিতে জুডিশিয়াল রির্ফর্মস কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। কয়েকজন বসে গোপনীয়ভাবে বিচারপতি নিয়োগ দেওয়া ঠিক নয়। এ জন্য বিজ্ঞপ্তি দিয়ে লিখিত পরীক্ষা, সাক্ষাৎকারসহ কিছু মানদণ্ড ঠিক করতে হবে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে 'জুডিশিয়াল রিফর্মস কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম। শনিবার এক সেমিনারে তিনি বলেছেন, "বিতর্কিত ও অযোগ্য বিচারপতিদের অপসারণে জরুরি ভিত্তিতে জুডিশিয়াল রির্ফর্মস কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। কয়েকজন বসে গোপনীয়ভাবে বিচারপতি নিয়োগ দেওয়া ঠিক নয়। এ জন্য বিজ্ঞপ্তি দিয়ে লিখিত পরীক্ষা, সাক্ষাৎকারসহ কিছু মানদণ্ড ঠিক করতে হবে।" জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত ওই সেমিনার আয়োজন করে সিটিজেনস রাইটস মুভমেন্ট। ইস্টার্ন পাওয়ার করপোরেশনের সহযোগিতায় আয়োজিত 'বিতর্কিত বিচারপতিদের অপসারণ জরুরি' শীর্ষক ওই সেমিনারে একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দফা দাবি জানানো হয়। সেমিনারে বক্তারা অযোগ্য বিচারপতিদের অপসারণ ও বিচারাঙ্গনের পরিবেশ কলুষমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। ব্যারিস্টার আমীর বলেন, "দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র উত্তরণের এ প্রক্রিয়ায় স্বাধীন ও কলুষমুক্ত বিচারাঙ্গন দরকার। আর তা বাস্তবায়নে এখনই উপযুক্ত সময়।" দেশে জাতীয় সরকার গঠনের যে আলোচনা চলছে, সে প্রসঙ্গে ব্যারিস্টার আমীর বলেন, "সংবিধানের ধারার বাইরে কিছু করা ঝুঁকিপূর্ণ। আমরা যে অবস্থায় আছি, তা থেকে গণতন্ত্রের পথে এগুতে হবে। সাংবিধানিক উপায়েই এ ক্রান্তিকাল পার হতে হবে। " আসম আব্দুর রব বলেন, "মেরুদণ্ডহীন দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণ ও দক্ষ, সৎ বিচারপতি নিয়োগে 'সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল' কার্যকর করতে হবে।" আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক খান বলেন, দক্ষ বিচারপতি নিয়োগে একটি কমিশন থাকা উচিত। তবে বিতর্কিত বিচারপতিদের অপসারণের বিধান সংবিধানেই রয়েছে বলে উল্লেখ করেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান জাফরুল্লাহ চৌধুরী বিচারপতিদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের বিধান তৈরির দাবি জানান। লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, "বাস্তবতার নিরিখে বিচার ব্যবস্থায় সংস্কার আনা জরুরি।" সাংবাদিক মিজানুর রহমান বলেন, "সুপ্রিম কোর্ট অঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। দলীয় বার, দলীয় বেঞ্চ গঠনের পরিবর্তে শক্তিশালী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায়ও বার ও বেঞ্চকে নেতৃত্ব দিতে হবে।" তিনি আরও বলেন, প্রস্তাবিত কমিশন গঠিত হওয়ার পরও ব্যাপকভিত্তিক একটি নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা থেকে যাবে। সিটিজেন্স রাইট্স মুভমেন্টের উপদেষ্টা প্রকৌশলী মো. আলফাজের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের মহাসচিব তুষার রেহমান। অন্যদের মধ্যে আলোচনা করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সাবেক বিচারপতি গৌর গোপাল সাহা, মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, উইং কমান্ডার (অব) এম আজিজ খান, কর্নেল (অব.) এম এ হালিম, জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুন্নাহার মেরী, শিল্পী রওশন আরা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৩১ ঘ.