২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ভোটার তালিকার কাজ শুরু রোববার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভোটারদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে রোববার দেশের কারাগারগুলোতে ভোটার তালিকার কাজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৬৭টি কারাগারে ভোটার হওয়ার যোগ্য কয়েদির সংখ্যা সাড়ে ৬৯ হাজার। জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভোটারদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে রোববার দেশের কারাগারগুলোতে ভোটার তালিকার কাজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৬৭টি কারাগারে ভোটার হওয়ার যোগ্য কয়েদির সংখ্যা সাড়ে ৬৯ হাজার। কারাবন্দি এসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আর যারা নির্বাচনের আগেই মুক্তি পাবেন তারা ভোটার তালিকায় দেয়া ঠিকানা অনুযায়ী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভোটারদের তথ্য সংগ্রহের জন্য তথ্যসংগ্রহকারীদের নিয়ে শুক্রবার থেকে দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন। উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়াদার ছিদ্দিকী এ কাজে সহযোগিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দেশের কারাগারগুলোতে ভোটার তালিকার কাজ শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার থেকে নির্বাচন কমিশনের উদ্যোগে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। দুই দিনের প্রশিক্ষণ শেষে রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারে তথ্য সংগ্রহ শুরু হবে। আগামী বৃহস্পতিবার শুরু হবে ছবি তোলার কাজ।" পর্যায়ক্রমে অন্য কারাগারগুলোতেও ভোটার তালিকার কাজ শুরু হবে। বিশেষ কারাগারে অন্তরীণ শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ভোটার করার বিষয়ে জানতে চাইলে সামসুল হায়াদার ছিদ্দিকী বলেন, "বিশেষ কারাগারের বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলেই আমরা ব্যবস্থা নেব।" নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নওয়াবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "গত বৃহস্পতিবার উপ-মহা কারা পরিদর্শক, নির্বাচন কমিশন ও ভোটার তালিকার সঙ্গে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন।" কারাবন্দিরা তাদের পছন্দ অনুযায়ী বর্তমান বা স্থায়ী ঠিকানায় ভোটার হতে পারবেন বলে জানান তিনি। কারাবন্দি ভোটাররা কীভাবে ভোট দেবেন জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন) ফরহাদ আহম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাবন্দি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে নির্বাচনের আগেই যারা মুক্তি পাবেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।" নির্বাচন কমিশন সচিবালয় ও ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের ১২টি কেন্দ্রীয় ও ৫৫টি জেলা কারাগারে ভোটার হওয়ার যোগ্য কয়েদির সংখ্যা ৬৯ হাজার ৫০৭ জন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই আছেন ৮ হাজার ৭২৩ জন। চট্টগ্রামে ৩ হাজার ২৩৬ জন, খুলনায় ২ হাজার ৪৯৯ জন, কুমিল্লায় ২ হাজার ৩২৫ জন, সিলেটে ২ হাজার ১৪০ জন, নারায়ণগঞ্জে ১ হাজার ৯০৬ জন কয়েদী ভোটার হওয়ার যোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১১১ ঘ.