ঢাকা, ০৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কাফরুলের ওয়ার্ড কমিশনার ও থানা বিএনপির নেতা কারাবন্দি মোঃ কাইয়ুম খান শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্ট্রোকে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তার মরদেহ ময়না তদন্তের পর বিকেলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার সকালে বলেন, কারাবন্দী আব্দুল কাইয়ুম কিছুটা অসুস্থ ছিলেন। সকাল সাড়ে আটটায় কারাগারের বাথরুমে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। কাইয়ুমকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপ-মহা কারা পরিদর্শক আরও জানান, গত ৪ বছর আগে কাইয়ুমের বাইপাস অপারেশন হয়েছিল।
দুপুরে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাইয়ুমের মরদেহ দেখতে যান। প্রয়াতের শোকবিধুর স্ত্রী মাজেদা পারভীন ও তিন মেয়েসহ আত্মীয় স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন। মেয়র তাদের সান্ত্বনা জানান।
সাদেক হোসেন খোকা কমিশনার কাইয়ুমের মৃত্যুর বিষয়টি 'তদন্তের' জন্য সাংবাদিকদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মৃত কমিশনারের ভাগ্নে আবদুল বাতেনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে বিনা চিকিৎসায় কেন মরতে হয়েছে তা অবশ্যই তদন্ত করতে হবে।''
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার দু'দিন পর ১৩ জানুয়ারি ওয়ার্ড কমিশনার কাইয়ুমকে পুলিশ জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে। প্রথম দফায় গ্রেপ্তারের পর কাইয়ুম উচ্চতর আদালতের জামিনে গত ১০ জানুয়ারি মুক্তি পান। কিন্তু ১১ জানুয়ারি তাকে আবার জরুরি বিধিমালায় আটক করে পুলিশ। কাফরুল থানায় দায়ের করা একটি জিডির আওতায় তাকে দ্বিতীয় দফায় আটক করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এএনএস/জিএমএ/এসকে/১৩০০ঘ.
bdnews24